সময় কলকাতা ডেস্কঃ ভালোবাসা ফিরে পেতে মালদায় প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন এক তরুণী । ওই তরুণীর বিরুদ্ধে প্রেমিকের পরিবারের পক্ষ থেকে দায়ের করা হয় মামলা। সেই কথা জানতে পেরে তরুণীর সঙ্গে যোগাযোগ করেন সোহেল আখতার নামে তৃণমূল ছাত্রনেতা। অভিযোগ, তিনি নিজেকে ভারতীয় সেনার সৈনিক পরিচয় দেন ওই তরুণীকে। বলেন, ছুটিতে বাড়িতে এসেছেন। পুলিশের সঙ্গে ভালো সম্পর্ক আছে। তাই মামলায় আইনি সহায়তা দিতে পুলিশকে দিতে হবে বেশ কিছু টাকা ।
অভিযোগ, পুলিশকে ঘুস দেওয়ার নাম করে ওই তরুণীর কাছ থেকে দফায় দফায় ২৬ হাজার টাকা হাতিয়ে নেয় সোহেল আখতার নামে তৃণমূল ছাত্রনেতা। ওই তরুণী পুলিশের সঙ্গে যোগাযোগ করলে বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। হরিশচন্দ্রপুরের তৃণমূল ছাত্র পরিষদের নেতা তাঁকে ভারতীয় সেনা কর্মী বলে পরিচয় দিয়ে তার থেকে টাকা হাতিয়ে নিয়েছে। রবিবার সোহেল আখতারকে মালদার হরিশচন্দ্রপুরের রাস্তায় দেখতে পেয়ে তাঁকে আটকায় ওই তরুণী।

পুলিশ জানিয়েছে, ধৃতের বাড়ি মালদার হরিশচন্দ্রপুরের শিমুলিয়া এলাকা।নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে স্থানীয়রা জানিয়েছে, তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় কর্মী হলেন ধৃত সোহেল আখতার। রাস্তায় মহিলার সঙ্গে বচসা দেখে স্থানীয়দের সহায়তায় পুলিশের জালে পড়েন ওই তৃণমূল নেতা। তৃণমূল ছাত্র পরিষদের নেতা গ্রেফতার হওয়াকে ঘিরে শুরু হয়ছে মালদায় রাজনৈতিক চাপান উতোর। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতির দাবি, কোন দূর্নীতিকে তাদের দল সমর্থন করে না। এই ঘটনায় তৃণমূলকে বিঁধেছে বিজেপি। ধৃত ছাত্র নেতাকে সোমবার আদালতে তোলা হবে বলে জানিয়েছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী