Home » নবান্নে যেতে বাধা! বিক্ষোভ বিজেপি বিধায়কের

নবান্নে যেতে বাধা! বিক্ষোভ বিজেপি বিধায়কের

সময় কলকাতা ডেস্ক: মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান। বারবার বাধার মুখে পড়ছেন বিজেপি বিধায়করা। এ দিন নবান্নে যেতে বাধা দেওয়ায় পাত্রসায়ের থানার সামনে বসে বিক্ষোভ দেখায় বিজেপি বিধায়ক ।

কলকাতায় বিজেপির নবান্ন অভিযানে যেতে বাধা দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ তুললেন বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী। বিজেপি বিধায়কের দাবি, রসুলপুরে তার গাড়ি আটকে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা এবং তাকে কলকাতায় যেতে বাধা দেওয়া হয় । তারই প্রতিবাদে তিনি পাত্রসায়ের থানায় এসে রীতিমতো থানার সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন । পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী। যদিও বিধায়কের এই অবস্থান বিক্ষোভ তুলে দেয় পুলিশ। ২৫ জন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ।

সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী জানান , “রসুলপুরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমার গাড়ি আটকে দেয় পাত্রসায়ের থানার ওসিকে ফোন করা হলেও তিনি যাননি।” বিক্ষোভের পর ফের কলকাতার উদ্দেশ্যে রওনা দেন ওই বিজেপি বিধায়ক।

অন্যদিকে, হুগলির পুরশুড়ায় বিজেপি বিধায়ক বিমান ঘোষকেও বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন বিজেপি জন প্রতিনিধি। এরপর কর্মী, সমর্থকদের নিয়ে ২ নম্বর জাতীয় সড়ক ধরে মিছিল করে নবান্ন অভিমুখে এগিয়ে যান তিনি।

About Post Author