Home » বিজেপির নবান্ন অভিযান! ধুন্ধুমার হাওড়ার সাঁতরাগাছি

বিজেপির নবান্ন অভিযান! ধুন্ধুমার হাওড়ার সাঁতরাগাছি

সময় কলকাতা ডেস্ক: বিজেপির নবান্ন অভিযান ঘিরে আজ সরগরম রাজ্য। নিয়োগ দুর্নীতি, গরু পাচার মামলা, কয়লা পাচার মামলা-সহ বিভিন্ন ইস্যুতে মঙ্গলবার শাসকদলের বিরুদ্ধে কর্মসুচি গ্রহণ করেছে বিজেপি ৷ আজ সকাল থেকেই সাঁতরাগাছি থেকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবান্ন অভিযানের মিছিল ঘিরে উত্তেজনা ছিল চরমে। ওই মিছিল আটকাতে আগে থেকেই কোমর বেঁধে নেমেছিল রাজ্য পুলিশ ও প্রশাসন। হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠি নিজে উপস্থিত ছিলেন হাওড়ার সাঁতরাগাছিতে।

নবান্ন অভিযানকে সফল করতে বিভিন্ন জেলা থেকে বিজেপি কর্মীরা কলকাতায় আসার পথে বারবার পুলিশি বাধার মুখে পড়ে বলে অভিযোগ উঠতে শুরু করে ৷ বেলা একটা থেকে শুরু হয় মিছিল। বিধানসভা থেকে বেরিয়ে হেস্টিংস হয়ে কলকাতা থেকে বিদ্যাসাগর সেতুতে ওঠার মুখে ব্যারিকেডের সামনে আটকে দেওয়া হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং হুগলির সাংসদকে। আটক করা হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও লোকসভার সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। দীর্ঘসময় তাঁর পথ আটকানোর পরে তাঁদের দুজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এরপরে তাঁদের লালবাজারে নিয়ে আসা হয়।

অপরদিকে, সাঁতরাগাছি থেকে নবান্নের অভিমুখে যাত্রা শুরু করে বিজেপির বিশাল মিছিল ৷ এই মিছিলের নেতৃত্ব দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ওই মিছিল সাঁতরাগাছি পৌঁছলে তাঁদের পথ আটকায় হাওড়া সিটি পুলিশ। এরপরই রণক্ষেত্রের চেহারা নেয় সাঁতরাগাছি এলাকা৷ সেখানে খণ্ডযুদ্ধ বাঁধে পুলিশকর্মী ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ৷ বিজেপি কর্মীদের রুখতে পুলিশ লাঠি, কাঁদানে গ্যাস, জলকামান ব্যবহার করে ৷ পুলিশকে লক্ষ্য করে ইঁট বৃষ্টি করা হয় বিজেপি কর্মীদের থেকে। সবমিলিয়ে রণক্ষেত্র হয়ে ওঠে কলকাতা এবং হাওড়ার বিভিন্ন চত্বর।

 

 

 

About Post Author