সময় কলকাতা ডেস্কঃকলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী সোনালি চক্রবর্তীকে অপসারণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে তাঁর পুর্ননিয়োগের সিদ্ধান্তও খারিজ করল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। তাঁকেই পুর্ননিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সোনালি চক্রবর্তীর নিয়োগ ইউজিসি নিয়ম মেনে না হওয়ার অভিযোগে আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। ১২ জুলাই ওই মামলার শুনানির পর রায়দান স্থগিত ছিল। মঙ্গলবার অর্থাৎ আজ সেই মামলায় কলকাতা হাইকোর্ট রাজ্যের পুনরায় নিয়োগের সিদ্ধান্তকে খারিজ করে। একইসঙ্গে আদালতের পর্যবেক্ষণ, রাজ্য সরকারের উপাচার্য নিয়োগের কোনও এক্তিয়ার নেই। জানা গিয়েছে,এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টেও যেতে পারে রাজ্য।

যদিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ এবং পুর্নর্নিয়োগের নিয়ম আলাদা। আইনি মতে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতি অনুযায়ী নিয়োগ করা হয় ভাইস প্রিন্সিপ্যালকে। কিন্তু পুর্ননিয়োগের ক্ষেত্রে ২০১১ সালে পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় সংশোধন অ্যাক্ট অনুযায়ী চার বছর সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে দায়িত্ব সামলালে ৬৫ বছরের নীচের ব্যক্তি বা মহিলাকে নিয়োগ করা যেতে পারে। সেক্ষেত্রে চার বছরের কার্যকালের মেয়াদ বা বয়সসীমা যেটা আগে পূরণ হবে সেটাই অগ্রগণ্য। এক্ষেত্রে রাজ্যের সিদ্ধান্তে ৬ মাসের মধ্যে রাজ্যপালের অনুমোদন বাধ্যতামূলক।
অন্যদিকে, কল্যাণী এইমস-এ নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই মামলা ওঠে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে। সেখানেই জানানো হয়, এই মামলার তদন্তভার থাকবে সিআইডির হাতেই। এই মামলার ভারও সিবিআই-এর হাতে তুলে দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
জ্ঞানেশ কুমারের অপসারণ কতটা সম্ভবপর?
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর