Home » গভীরতা ফিরেছে নদীতে, জাহাজ ভিড়ছে বাংলাদেশের বন্দরে 

গভীরতা ফিরেছে নদীতে, জাহাজ ভিড়ছে বাংলাদেশের বন্দরে 

সময় কলকাতা ডেস্কঃ ড্রেজিং-এর ফলে গভীরতা ফিরেছে নদীতে।

বাংলাদেশের মোংলা সমুদ্র বন্দরে ড্রেজিং করার ফলে গভীরতা ফিরেছে নদীতে ৷ তাতে একের পর এক বন্দরে ভিড়তে শুরু করেছে সর্বাধিক গভীরতা সম্পন্ন ভারী জাহাজ ৷ বন্দর সূত্রে জানা গিয়েছে, এই প্রথম সবচেয়ে বেশি গভীরতা সম্পন্ন এমসিসি টোকিও নামের কনটেইনারবাহী একটি চিনা জাহাজ বন্দরে ভিড়েছে ৷

১৯৫০ সালের দিকে বাংলাদেশের মোংলা পোর্টের যাত্রা শুরু হলেও এই বন্দরে কনটেইনারবাহী সব থেকে বেশী গভীরতা সম্পন্ন ৮ মিটার জাহাজ এটিই প্রথম ৷ এর আগে যেসব জাহাজ এসেছে তার সবগুলোই ছিল ৭ মিটার গভীরতা সম্পন্ন কনটেইনার জাহাজ। এতে পণ্যবোঝাই সাত হাজার ২৪১ মেট্রিক টন ওজনের ২৮৯টি কনটেইনার এসেছে। এ জাহাজটির গভীরতা ৮ মিটার ও লম্বা ১৮৬ মিটার।  বন্দর চ্যানেলের আউটার বারের ড্রেজিং সম্পন্ন ও ইনার বারে ড্রেজিং চলার কারণেই ৮ মিটার গভীরতার এ জাহাজটি সরাসরি বন্দরের জেটিতে নোঙর করতে পেরেছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ৷

বিশেষজ্ঞরা বলছেন, ড্রেজিং চলমান থাকলে নদী ভরাটের হাত থেকে রক্ষা পাবে। দিন দিন আরও বাড়বে বাণিজ্যিক কার্যক্রম। জলাবদ্ধতা নিরসনেও ক্যাপিটাল ড্রেজিং বড় ভূমিকা রাখবে।

About Post Author