Home » আর্থিক তছরুপ মামলায় ফের তলব জ্যাকলিনকে

আর্থিক তছরুপ মামলায় ফের তলব জ্যাকলিনকে

সময় কলকাতা ডেস্কঃ আর্থিক জালিয়াতি যেন কিছুতেই পিছু ছাড়ছে না জ্যাকলিন ফার্নান্ডেজের। সোমবার অর্থাৎ আজ অভিনেত্রীকে ফের তলব করেছে দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং। এদিন সকাল ১১টার আগেই হাজিরা দিতে হবে জ্যাকলিনকে। সূত্রের খবর, কনম্যান সুকেশ চন্দ্রশেখরের মামলা প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্যই অভিনেত্রীকে তলব করা হয়েছে। গত বৃহস্পতিবার একই ইস্যুতে নোরা ফতেহি-কে তলব করেছিল দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং।

সুকেশের কাছ থেকে কী কী উপহার নেওয়া হয়েছিল, তা জানার জন্যই নাকি নোরাকে তলব করা হয়েছিল।বুধবারও কিন্তু ইকোনমিক অফেন্সেস উইং -এর অফিসাররা আট ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজকে। তারপরই বেশকিছু চাঞ্চল্যকর তথ্যও প্রকাশ্যে এসেছিল। জানা গিয়েছে,সুকেশকে নাকি বিয়ে করতে চেয়েছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। তাঁকেই নাকি নিজের আদর্শ পার্টনার মনে করেছিলেন অভিনেত্রী। সেই কারণেই সুকেশকে বিয়ের করার কথাও নাকি ভেবে ফেলেছিলেন জ্যাকলিন।

গত বছরই আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। ২০০ কোটি টাকার প্রতারণা এবং আরও ২০টি আর্থিক তছরুপের মামলায় নাম জড়ানোয় দিল্লির রোহিণী জেলে বন্দি ‘ঠগবাজ’ সুকেশ। জ্যাকলিনের সঙ্গে এই সুকেশের অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই সময় শোনা গিয়েছিল, জ্যাকলিনের সঙ্গে পরিচয়ের সময় জামিনে মুক্ত ছিল সুকেশ। চেন্নাইয়ে চারবার জ্যাকলিন ও তার সাক্ষাৎও হয়। তারপর থেকে বিভিন্ন সময় জ্যাকলিনকে নানা উপহার দিয়েছে। ইডির জেরায় যদিও তা নিজে মুখে স্বীকারও করেছেন জ্যাকলিন। অভিনেত্রীকে এই মামলায় বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছেন ইডি গোয়েন্দারা। পাশাপাশি জ্যাকলিনের বিদেশ ভ্রমণের উপরেও আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এর আগে আর্থিক তছরূপের মামলায় জ্যাকলিনের ৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

এদিকে, ‘ঠগবাজ’ সুকেশের সঙ্গে নাম জড়ানোয় বেশ বিপাকে পড়েছেন অভিনেত্রী জ্যাকলিন। সূত্রের খবর,সলমন খানের দাবাং টুরেও তিনি এবারে যোগ দিতে পারেননি। তেমন কোনও সিনেমাতেও নাকি সুযোগ পাচ্ছেন না। ইতিমধ্যেই অভিনেত্রীকে একদফায় জিজ্ঞাসাবাদ করেছেন ইডি আধিকারিকরা। প্রায় পাঁচ ঘণ্টা ধরে সেই প্রশ্নোত্তর পর্ব চলেছিল।।

About Post Author