সময় কলকাতা ডেস্কঃ গরু পাচার মামলার তদন্তে গতি বাড়াল ইডি। সূত্রের খবর, এবার তদন্তের স্বার্থে দিল্লির সদর দপ্তরে সায়গল হোসেনের মা এবং স্ত্রীকে ডেকে পাঠাল ইডি। চলতি সপ্তাহেই দিল্লির সদর দপ্তরে ডেকে পাঠানো হয়েছে তাদের । ইডি’র তলবের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন সায়গলের মা ও স্ত্রী।
গরু পাচার মামলায় ২০২০ সালে এনামুল হককে গ্রেপ্তার করে সিবিআই। বর্তমানে তিহার জেলে রয়েছে এনামুল হক। এনামুলের সঙ্গে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গলের ঘনিষ্ঠতা থাকায় সায়গল হোসেনকে গ্রেপ্তার করে সিবিআই। বর্তমানে আসানসোল বিশেষ সংশোধনাগারে রয়েছে সে। জানা গিয়েছে, সায়গল হোসেনের সম্পত্তির পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। একজন সামান্য সরকারি কর্মচারীর এত সম্পত্তির উৎস কি ? তা জানতে তৎপর ইডি। সে কারণেই সায়গলকে দিল্লির সদর দফতরে নিয়ে গিয়ে জেরার আবেদন জানায় ইডি। অনুমতি পেতে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে আবেদন জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে এই আবেদন খারিজ করে দেয় আদালত। এবার সায়গলের মা এবং স্ত্রী দিল্লির ইডি দপ্তরে হাজিরা দেন কিনা সেটাই এখন দেখার।

উল্লেখ্য, গরু পাচার মামলায় গত ১১ আগস্ট গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল। তাঁরও বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। নামে, বেনামে একাধিক সম্পত্তি রয়েছে অনুব্রতর। তদন্তকারী আধিকারিকদের দাবি, গরু পাচারের টাকাতেই এত বিপুল সম্পত্তির মালিক হয়েছেন অনুব্রত।


More Stories
বিজেপি-বিদ্রোহী তৃণমূলকে একযোগে নিশানা, তবুও বিরোধীদের প্রশংসা পাচ্ছেন কুণাল ঘোষ
তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে অপসারিত মমতা, সাসপেন্ড অভিষেক
পশ্চিমবঙ্গ নতুন সরকারের নতুন পূর্ণাঙ্গ বাজেট, কী পেল রাজ্যবাসী?