Home » ‘আমি শুধু ফাইলে সই করতাম’ : পার্থ

‘আমি শুধু ফাইলে সই করতাম’ : পার্থ

সময় কলকাতা ডেস্কঃ জেরায় বিস্ফোরক দাবি করলেন পার্থ চট্টোপাধ্য়ায়। সিবিআই সূত্রে জানা গিয়েছে, জেরার মুখে প্রাক্তন মন্ত্রী বলেছেন, ‘আমি শুধু ফাইলে সই করতাম’। তার দাবি, নিয়োগ দুর্নীতিতে তাঁর বিশেষ কোনও ভূমিকা ছিল না, তাঁর কাছে যে সমস্ত ফাইল আসত, তিনি শুধু সেই ফাইলে সই করে দিতেন। এর থেকে বেশী কিছু জানা নেই তার। তবে কোন কিছু না জেনে কী ভাবে শিক্ষামন্ত্রী ফাইলে সই করে দিতেন, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই দুর্নীতিতে নিয়োগ কারীদের ওপর ভরসা করতেন বলেই জেরায় স্পষ্ট করে জানিয়েছেন পার্থ।

গত ২৩ জুলাই নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্য়ায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল। অর্পিতার ফ্ল্যাটে নগদ কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার পরই গ্রেফতার করা হয়েছিল ওই দুজনকে। আপাতত জেলেই রয়েছেন অর্পিতা। সেই গ্রেফতারির ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করতে চলেছে ইডি। সোমবার ব্যাঙ্কশাল আদালতে সেই চার্জশিট পেশ করা হবে। সূত্রের খবর, চার্জশিটে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেশ করতে পারে ইডি।

ইডি হেফাজতের পর আপাতত সিবিআই হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই জেরা করছে, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে। সূত্রের খবর, এই তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে সিবিআই।

 

About Post Author