সময় কলকাতা ডেস্কঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার গ্রেফতার হন প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। এসপি সিনহা, কল্যাণময় ভট্টাচার্য, অশোক সাহার পর এসএসসির প্রাক্তন চেয়ারম্যানকে গ্রেফতার করল সিবিআই। সূত্রের খবর, তাঁর বয়ানে একাধিক অসঙ্গতি মিলেছে। আর তারপরই তাকে গ্রেফতার করে সিবিআই।
বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি। এর আগে তাঁর শিলিগুড়ির বাড়ি ও দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে হানা দেয় সিবিআই। বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি।
নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁদের বিপুল সম্পত্তির হদিশ মেলে। সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করেছে ইডি, সেদিনই এসএসসির প্রাক্তন চেয়ারম্যানকে গ্রেফতার করা বিশেষ তাত্পর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, এই নিয়ে নিয়োগ দুর্নীতি কাণ্ডে এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হল।
মূলত তাঁদের কাছ থেকে সিবিআই জানতে চাইছে, এসএসসি’র নিয়োগপত্র কার নির্দেশে দেওয়া হয়েছিল? নিয়োগপত্র নিয়ে তাঁদের কী ভূমিকা ছিল? এর উত্তর পেতে ৪ জনকে মুখোমুখি বসিয়ে জেরার কথাও ভাবছে সিবিআই। কারণ তিনজনকে পৃথকভাবে জেরা করে তেমন লাভ হয়নি। সিবিআই সূত্রে খবর, একে অপরকে দুষে নিজেদের দায় এড়িয়ে গিয়েছেন তারা। জানা গিয়েছে, জেরার সময় প্রত্যেকের বয়ান রেকর্ড করা হবে। এই অডিয়ো বা ভিডিয়ো রেকর্ডিং পুরনো বয়ানের সঙ্গে মিলিয়ে দেখা হবে।

উল্লেখ্য,২০১৪-২০১৮ সাল পর্যন্ত এসএসসির চেয়ারম্যান ছিলেন সুবীরেশ ভট্টাচার্য। অভিযোগ,তাঁর আমলে শিক্ষক নিয়োগ দুর্নীতির বড় অংশ সংগঠিত হয়েছে। প্রাক্তন বিচারপতি রঞ্জিত বাগ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রিপোর্ট হাইকোর্টে জমা দেন। সেই রিপোর্টেই নাম ছিল সুবীরেশের।


More Stories
অভিষেকের অফিসে ভাঙচুর
যাদবপুর নিয়ে মুখ খোলায় সংবাদপত্রের কার্যালয় ঘেরাও
তৃণমূল ও সিপিএম প্রসঙ্গে দলীয় কর্মীদের মুখ্যমন্ত্রীর শপথবাক্য ও মন্ত্রগুপ্তি