সময় কলকাতা ডেস্ক: বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছে ‘ব্রহ্মাস্ত্র’। ইতিমধ্যেই ৩৬৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। কিন্তু বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না। বছরের শুরুতে তাক লাগিয়েছিল ‘দ্য কাশ্মীর ফাইলস’। ১৫ কোটি বাজেটের এই ছবি বক্স অফিসে আয় করেছিল ৩৫০ কোটি। ব্রহ্মাস্ত্র ছবির আগে এই ছবিই ছিল বলিউডের সবচেয়ে সফল ছবি।
কিন্তু ব্রহ্মাস্ত্রের সাফল্য কিছুতেই মেনে নিতে পারছেন না ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ব্রহ্মাস্ত্র নিয়ে মুখ খুললেন তিনি। তিনি একটি টুইটে লিখেছেন, ”হাহাহাহা। আমি জানি না কী ভাবে তারা ‘দ্য কাশ্মীর ফাইলস’কে হারিয়ে দিয়েছে। লাঠি, রড, হকিস্টিক বা একে ৪৭ নাকি পাথর দিয়ে? নাকি প্রভাবশালীদের পয়সা খাইয়ে? যে ভাবেই হোক। বলিউডের ছবি একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করুক। আমায় একা থাকতে দিন। আমি সেই বোকা দৌড়ের মধ্যে নেই। ধন্যবাদ।”

প্রসঙ্গত, বলিউডের সবথেকে বেশি বাজেটের ছবি ব্রহ্মাস্ত্র। মোট ৪১০ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছে এই ছবি, যা বলিউডে এই প্রথম। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায়। জানা যাচ্ছে, ব্রহ্মাস্ত্র ২ এর প্রস্তুতি শুরু হয়ে গেছে। ব্রহ্মাস্ত্র’ ২- ২০২৫ সালে মুক্তি পেতে চলেছে। ছবির প্রথম অংশটি ছিল শিবাকে কেন্দ্র করে। এবার দেবের গল্প বলা হবে দ্বিতীয় পর্বে। ব্রহ্মাস্ত্র সিনেমার শেষেও ইঙ্গিত দেওয়া হয়েছিল যে সিক্যুয়াল দেবকে কেন্দ্র করেই তৈরি হবে। দ্বিতীয় পর্বে রণবীরের মায়ের চরিত্রে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে। যিনি ছবিতে জলদেবীর ভূমিকায় অভিনয় করেছেন। অন্যদিকে, আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে রণবীর সিং বা হৃত্বিক রোশনকেও দেখা যেতে পারে।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র