সময় কলকাতা ডেস্কঃ খিদের জ্বালায় কান্নাকাটি করায় ৪ বছরের এক শিশুকে দেওয়ালে মাথা ঠুকে ও তারপর গলা টিপে খুনের অভিযোগ উঠল গুণধর পিসেমশাইয়ের বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার বেনিয়া বউ এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় এনআরএস হাসপাতালে ভর্তি রয়েছে আরও এক ৩ বছরের শিশু। অভিযুক্তকে মঙ্গলবার রাতেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম প্রসেনজিৎ মন্ডল। একবিংশ শতাব্দীতেও মধ্যযুগীয় বর্বরতা দেখে রীতিমত চক্ষু চড়কগাছ সবারই। অমানবিকতার সীমা ছাড়িয়ে মানুষ কতদূর যেতে পারে,তার প্রকৃষ্ট উদাহরণ বোধহয় এই ঘটনা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দুই শিশুকে পিসেমশাই এর হেফাজতে রেখে কাজে গিয়েছিল তাদের মা। এরপর রাতের বেলায় খাবার না খেতে পেয়ে তারা কান্নাকাটি শুরু করে। এতেই রেগে যায় অভিযুক্ত পিসেমশাই। অভিযোগ, সে মদ্যপ অবস্থায় ওই দুই শিশুর মাথা ঠুকে দেয়। এতে তারা আরও কান্নাকাটি করলে তাদের গলাটিপে ধরারও অভিযোগ ওঠে প্রসেনজিৎ-এর বিরুদ্ধে। অন্যদিকে শিশুদের এইভাবে মারধর করার আওয়াজ শুনে বিষয়টি বাড়ির মালিক হান্নান মন্ডলকে জানায় প্রতিবেশী। তারা এসে ঘরের দরজা খুলতে বললে প্রসেনজিৎ প্রথমে রাজী হয়নি। তারপর স্থানীয়রা জোর করে ঘরের দরজা খুলে দেখে কাঁথা মুড়ি দিয়ে দুই শিশুকে শোয়ানো আছে। এরপর স্থানীয়দের তরফে খবর দেওয়া হয় সোনারপুর থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দুই শিশুকে উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করে। অন্যজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে এনআরএস হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত করছে সোনারপুর থানার পুলিশ। পাশপাশি এই ঘটনার নেপথ্যে আর কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তের কঠোর শাস্তির আবেদন জানিয়েছে স্থানীয়রা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী