সময় কলকাতা ডেস্কঃ কেটে গিয়েছে ২৪ ঘণ্টা। এখনও পর্যন্ত অবরোধ চলছে পুরুলিয়ার কুস্তাউর রেল স্টেশনে। পাশাপাশি মেদিনীপুরের খেমাশুলি স্টেশনেও জারি রয়েছে অবরোধ। রেললাইনের উপর উঠে বিক্ষোভ দেখাতে শুরু করে কুড়মি জনজাতির মানুষ। বুধবার লাইনের উপর শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। আর এই ঘটনার জেরে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। এদিকে দু’দিন ধরে এই ঘটনার জেরে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। ট্রেন অবরোধের পাশাপাশি অস্থায়ী বাস কর্মীদের বিক্ষোভ আন্দোলনের জেরে দুর্গাপুর ও মেদিনীপুরে সরকারি বাস পরিষেবা বন্ধ রয়েছে। তার জেরে আরও সমস্যায় পড়েছেন আমজনতা।
তপশিলি উপজাতি তালিকাভুক্ত করার দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন সামিল হয়েছিল কুড়মি মাহাতো সম্প্রদায়ের সামাজিক সংগঠনগুলি। মঙ্গলবার একাধিক দাবিতে রেল অবরোধে সামিল হয়েছিল কুড়মি সম্প্রদায়। ফলে মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে ব্যাহত হয় রেল পরিষেবা। এমনকী ব্যাহত হয়েছিল যান চলাচলও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় ব়্যাফও। এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল পুরুলিয়া ও ঝাড়গ্রামেও। এদিন পুরুলিয়ার কুস্তাউর স্টেশনেও ট্রেন অবরোধ করা হয়।
কুড়মি জাতিকে তপশিলি উপজাতি হিসেবে তালিকাভুক্ত করা, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা, সারণা ধর্মের কোড চালু করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ কর্মসূচি নিয়েছে আদিবাসী কুড়মি সমাজ। কুড়মালি ভাষায় যে কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘রেল টেকা ও ডহর ছেঁকা’। মঙ্গলবার সকাল থেকেই ধামসা মাদল নিয়ে রেল লাইনে দাঁড়িয়ে পড়েছে হাজার হাজার মানুষ। পরিস্থিতি উত্তপ্ত থাকায় প্রচুর রেল পুলিশ মোতায়েন করা হয়েছে। তাদের দাবি, যতদিন না পর্যন্ত তাদেরক দাবি মানা হচ্ছে ততক্ষণ রেললাইন এবং জাতীয় সড়ক অবরুদ্ধ থাকবে বলে জানিয়েছেন কুড়মি সমাজের সদস্যরা।

১৯৫০ সালের ৬ সেপ্টেম্বর কুড়মি জাতিকে তপশিলি উপজাতি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। তার আগে অবশ্য এই কুড়মি জাতি তপশিলি উপজাতি তালিকা ভুক্ত ছিল। কিন্তু, ঠিক কী কারণে এই কুড়মি জাতিকে তপশিলি উপজাতি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল তা অবশ্য জানা যায়নি। এবার সেই তালিকা ভুক্ত করার দাবিতেই বিক্ষোভে সামিল হন কুড়মি সম্প্রদায়ের মানুষ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী