Home » ফের আদালতে পেশ পার্থ-কল্যাণকে

ফের আদালতে পেশ পার্থ-কল্যাণকে

সময় কলকাতা ডেস্কঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার ফের আদালতে পেশ করা হয় পার্থ চট্টোপাধ্যায় এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হেফাজত থেকে পার্থকে হেফাজতে নিয়েছিল সিবিআই। এদিকে, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় সিবিআই। সিবিআই সূত্রে খবর, এদিন ফের পার্থ চট্টোপাধ্যায় এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাতে পারে সিবিআই।

উল্লেখ্য, গত ২৩ জুলাই নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্য়ায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল। অর্পিতার ফ্ল্যাটে নগদ কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার পরই গ্রেফতার করা হয় ওই দুজনকে। আপাতত জেলেই রয়েছেন অর্পিতা। সেই গ্রেফতারির ৫৮ দিনের মাথায় ব্যাঙ্কশাল আদালতে গুরুত্বপূর্ণ তথ্য সহ চার্জশিট পেশ করে ইডি।

পাশাপাশি, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। বাগ কমিটির রিপোর্টের ভিত্তিতে নিয়োগ দুর্নীতিতে সুপারিশ পত্রে নাম ছিল কল্যাণের। ভূয়ো নিয়োগ পত্রে সই করার অভিযোগও ছিল। তারই ভিত্তিতে সিবিআই-এর জালে পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সিবিআই গ্রেফতারের আগে তাকে জিজ্ঞাসাবাদের সময় তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে যান। তিনি অভিযোগ করেন বেআইনি নিয়োগ করা হয় এসপি সিনহার নির্দেশেই। সিবিআই সূত্রে খবর, স্কুল সার্ভিস কমিশনে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মচারী নিয়োগ মামলায় গ্রেফতার করা হয়েছে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে।

About Post Author