সময় কলকাতা ডেস্ক : শরৎকালের নির্মল আকাশে পেঁজা তুলোর মত মেঘ মাঝে মাঝে সরে গিয়ে আকাশের মুখ ভার, এমনকী বৃষ্টির ছোঁয়াও,তবুও লেগেছে কাশফুলের বনে দোলা আর ঝরে পড়ছে শিউলি ফুল। মা আসছেন, বাঙালির সর্ববৃহৎ দুর্গোৎসব সমাগত। কলকাতার পাশাপাশি শহরতলী ও সেজে উঠছে। উত্তর চব্বিশ পরগনার সদর শহর বারাসাতের অন্যতম সর্বজনীন পুজো চারের পল্লীর দুর্গোৎসব কয়েক বছর ধরেই জাঁকজমকের দিক থেকে নজর কেড়ে চলেছে। বিগত দু’বছর করোনা কালে স্বাভাবিকভাবেই উৎসবে ভাটা পড়েছিল। এবছর দুর্গোৎসবে আবার সেজে উঠছে চারের পল্লী।
শহর বারাসাত প্রায় অর্ধ শতাব্দী কাল ধরে কালীপুজোর জন্যই বিখ্যাত। ধারে ও ভারে পশ্চিমবঙ্গে বারাসাতের কালীপুজোর তুলনা মেলা ভার।তথাপি সর্বশ্রেষ্ঠ দুর্গোৎসবে পিছিয়ে থাকতে নারাজ বারাসাত। কালীপুজোর আগে শহরের বুকে বিরাট বহরের দুর্গোৎসবের আয়োজন করে চল্লিশ বছরের বেশি সময় ধরে বারাসাতবাসীকে মুগ্ধ করে রেখেছে বারাসাতের ডাকবাংলা মোড়ের কাছে চারের পল্লীর সর্বজনীন দুর্গোৎসব।অতিমারীর প্রকোপে নম নম করে করোনাকালে পুজোর আয়োজন করেছে চারের পল্লীর পুজো উদ্যোক্তারা। দুঃসময় পেরিয়ে এসে এবার আবার চারের পল্লী ফিরছে স্বমহিমায়।বর্ণাঢ্য আলোকসজ্জা, সুচারু মণ্ডপ সজ্জা এবং অপরূপা প্রতিমার মধ্যে দিয়ে তাঁরা দর্শকদের উপহার দিতে চলেছেন অনাবিল আনন্দ। থিমের পূজায় উদ্যোক্তারা মন্দিরময় ভারতের ঐতিহ্য তুলে ধরছেন। এবারের থিম গুজরাটের স্বামী নারায়ণ মন্দির।
চারের পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবারে তাদের ৪১ তম বর্ষে পদার্পণ করেছে । তাদের থিম গুজরাটের স্বামীনারায়ণ মন্দিরকে তারা নিখুঁতভাবে তুলে ধরতে কয়েক মাস ধরে প্রচেষ্টা চালাচ্ছেন । শিল্পী বুবু সিংহ রায়ের হাতের ছোঁয়ায়, ধীরে ধীরে প্রাণ পাচ্ছে এই মন্ডপ। প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে রথের দিন থেকেই শুরু হয়েছিল এই মন্ডপ তৈরি কাজ। চতুর্থীর দিন সর্বজনের জন্য খুলে দেওয়া হবে এই মন্ডপ। উদ্যোক্তাদের অন্যতম ইন্দ্রজিৎ রাহুল নাগ জানালেন,পুরো মন্ডপই প্লাইউড এবং মন্দিরের সজ্জায় ব্যবহার করা হয়েছে বিশেষ এক ধরনের কেমিক্যালের সঙ্গে প্লাস্টার অফ প্যারিস । প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে থার্মোকল বা প্লাস্টিক কোন কিছুই ব্যবহার করা হয়নি। এই মন্দির ও মণ্ডপ সজ্জা বারাসাত তথা জেলার দুর্গা পুজোর অন্যতম আকর্ষণ হবে এমনটাই দাবি পুজো কমিটির কর্মকর্তাদের। দীর্ঘ করোনাকাল কাটিয়ে এবারের দুর্গোৎসব মানুষের কাছে বহুদিন পরে বিশেষ প্রাপ্তি , তাই তাঁদের মন্ডপে ভিড় উপচে পড়বে মনে করছেন চারের পল্লী পুজো কমিটির উদ্যোক্তারা।।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
চিকিৎসকের বঙ্গসংস্কৃতির উদযাপন নববর্ষে
দোল উৎসব : রাঙিয়ে দিয়ে যাও