সময় কলকাতা ডেস্কঃ মুক্তি পেল হইচই প্ল্যাটফর্মের নতুন ওয়েব সিরিজ ‘বোধন’-এর ট্রেলার। অদিতি রায়ের পরিচালনায় নতুন এই ওয়েব সিরিজেই একসঙ্গে দেখা যাবে দিতিপ্রিয়া রায় ও সন্দীপ্তা সেনকে। আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে নতুন ওয়েব সিরিজ ‘বোধন’। মূলত নারীকেন্দ্রিক এই ওয়েব সিরিজের মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সন্দীপ্তা সেন ও রানি রাসমনি ওরফে দিতিপ্রিয়া রায়। ছবিতে তাঁদের লুক সদ্য প্রকাশিত হয়েছে। দিতিপ্রিয়া, সন্দীপ্তা ছাড়াও এই সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে হানি বাফনা, চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক রায়,শর্বরী ঘোষালকে।

মূলত, গার্হস্থ্য অশান্তি, বৈবাহিক ধর্ষণের মতো সামাজিক বিষয়গুলি এই ওয়েব সিরিজে তুলে ধরা হয়েছে। ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে কীভাবে একজোট হয়ে রুখে দাঁড়াতে হবে, সেই কাহিনী দেখানো হয়েছে এই সিরিজটিতে। এমনকী ধর্ষণের পরবর্তীকালে নির্যাতিতাকে সমাজে যেভাবে হেনস্তার শিকার হতে হয় সেই কাহিনী তুলে ধরা হয়েছে ‘বোধন’-এ। চলতি বছরের আগস্ট মাসেই এই ওয়েব সিরিজের শুটিং শুরু হয়েছিল।
এই ওয়েব সিরিজে রাকা সেনের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী সন্দীপ্তা সেনকে। নিজের কলেজেরই অধ্যাপিকা রাকা। কিন্তু সেখানেও তাঁকে পোশাক নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়। আর এই কটাক্ষের মোকাবিলা করেই শিক্ষকতা করতে থাকে রাকা। কিন্তু মুহূর্তের মধ্যে সবকিছুই ওলটপালট করে দেয় একটি ঘটনা। অন্যদিকে,কলেজের ছাত্রী শিঞ্জিনী মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন দিতিপ্রিয়া। ধর্ষণের শিকার হতে হয় শিঞ্জিনীকে। এই অপরাধের বিরুদ্ধেই দুই নারীর লড়াই শুরু হয়।

উল্লেখ্য, এর আগে ওটিটি প্ল্যাটফর্মের ‘আস্তে লেডিজ’ এবং ‘মার্ডার ইন দ্য হিলস’ সিরিজে দেখা গিয়েছিল সন্দীপ্তাকে। অন্যদিকে ‘রুদ্রবীণার অভিশাপ’ সিরিজের মাধ্যমে ওয়েব দুনিয়ায় পা রাখেন দিতিপ্রিয়া।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?