সময় কলকাতা ডেস্কঃ চলচ্চিত্র জগতে অবদানের জন্য ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’-এ সম্মানিত করা হবে আশা পারেখকে। চলতি বছরেই প্রবীণ অভিনেত্রীকে বিশেষ সম্মান জানানোর জন্য সিদ্ধান্ত নিয়েছেন ভারত সরকার। ভারতীয় চলচ্চিত্র দুনিয়ায় একজন সফল অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক হিসেবে আশা পারেখের অবদান অনস্বীকার্য। সেই কারণেই তাঁকে ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’-এ সম্মানিত করা হবে।
১৯৯২ সালে ‘পদ্মশ্রী’ সম্মানও পেয়েছেন আশা পারেখ। কেরিয়ারের প্রথম দিকে গ্ল্যামারাস নায়িকা ও দুর্দান্ত নৃত্যশিল্পী হিসেবেই দেখা গিয়েছে তাকে। ‘জব পেয়ার কিসি সে হোতা হ্যায়’, ‘ফির ওহি দিল লায়া হুঁ’, ‘বাহারোঁ কে সপনে’, ‘পেয়ার কা মৌসম’-এর মত ছবিতে অভিনয় করেছেন আশা পারেখ। ১৯৭০ সালের রাজেশ খান্না অভিনীত ‘কটি পতঙ্গ’ ছবিতে সেরা অভিনেত্রী হিসেবে তিনি ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড’ও পেয়েছিলেন। তবে শুধু ছবিতেই নয়, টেলিভিশন পরিচালনা ও প্রযোজনাতেও ব্যাপক সাফল্য লাভ করেছেন আশা পারেখ। ১৯৯৮ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত এই প্রবীণ অভিনেত্রী ‘সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন’-এর প্রথম মহিলা চেয়ারপার্সনের পদে ছিলেন।

১৯৫২ সালে মাত্র ১০ বছর বয়সে ‘মা’ ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় যাত্রা শুরু করেন আশা পারেখ। এরপর ‘দিল দেকে দেখো’ ছবিতে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ তাঁর। এই ছবিতেই আশা পারেখের অভিনয় দর্শকদের ব্যাপক নজর কাড়ে। ১৯৬০ ও ১৯৭০-এর দশকে আশা পারেখ সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীও ছিলেন।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?