সময় কলকাতা ডেস্কঃ সাত সকালে আগুনে পুড়ে ছাই গোলা ভর্তি ৩০০ কুইন্টাল পাট। ঘটনায় মাথায় হাত পাট ব্যবসায়ীর। বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বনসরিয়া মোড়ে এক পাটের গোলায়। ক্ষতিগ্রস্ত হয়েছে পাট ব্যবসায়ী তথা হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ কেরামুদ্দিন আহমেদ।
জানা গেছে, প্রথম দিকে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগালেও আগুনের লেলিহান শিখার তেজ এতটাই ছিল যে স্থানীয়রা সরে দাঁড়াতে বাধ্য হয়। খবর যায় দমকলে।দমকলের একটি ইঞ্জিন দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের সহযোগিতায় গোলার বেশ কিছু পাট সরিয়ে আনা সম্ভব হলেও ৩০০ কুইন্টাল পাট পুড়ে ছাই হয়ে যায়। যার বর্তমান বাজার মূল্য ১৮ লক্ষ টাকার বেশি।
স্থানীয় সূত্রে জানা যায়,এদিন সকালে পাটের গোলা থেকে ধোঁয়া বের হতে দেখতে পায় এক চা দোকানী। তার চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে স্থানীয়রা। আগুন দ্রুত গোডাউনে ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে পাট।
পাট ব্যবসায়ী কেরামুদ্দিন আহমেদ বলেন, ” গোডাউনে ৭০০ কুইন্টাল পাট ছিল। এই আগুনে ৩০০ কুইন্টাল পাট পুড়ে গেছে। যার বর্তমান বাজার মূল্য ১৮ লক্ষ টাকার বেশি।গোডাউনের উপর দিয়ে বৈদ্যুতিক তার যাওয়ার কারণে এই দুর্ঘটনা।

হরিশ্চন্দ্রপুর দমকল অফিসার প্রবীর রায় জানান, ‘ফোন পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।’ গোডাউনের উপর দিয়ে বৈদ্যুতিক তার যাওয়ার কারণে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী