সময় কলকাতা ডেস্কঃ লক্ষ্মীপুজো মানেই যে খিচুড়ি, লাবড়া, পাঁপড় ভাজা, আর চাটনি-তা কিন্তু একেবারেই নয়। সেই দস্তর ভেঙে এবার স্বাদ বদল হবে মোতি পোলাও দিয়ে। এতে বাদশাহী আমেজও থাকবে, আবার পুজোর আয়োজনে একটু অন্য রকম নিরামিষ রান্নাও হবে। চেনা পদের অচেনা বদল দেখতে পোলাও বানান মোতি দিয়ে। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
উপকরণ
গোবিন্দভোগ চাল-৫০০ গ্রাম
কেশর-৫ গ্রাম
দুধ-১ লিটার
লেবুর রস-১ টেবিল চামচ
ময়দা-১ টেবিল চামচ
ঘি-৫ টেবিল চামচ
সাদা তেল-৩ টেবিল চামচ
নুন-স্বাদ অনুযায়ী
চিনি-স্বাদ অনুযায়ী
ছোট এলাচ-৫ থেকে ৬টি
লবঙ্গ- ৫ থেকে ৬টি
দারচিনি- ১টি
তেজপাতা- ২টি
আদাবাটা- ২ চা চামচ
কাজু-৫ টেবিল চামচ
কিসমিস-৫ টেবিল চামচ

রন্ধন প্রণালী
মোতি তৈরির জন্য
প্রথমেই গরম দুধে লেবুর রস দিয়ে কাটিয়ে ছানা তৈরি করে নিন। তবে দেখবেন ছানাতে যেন লেবুর গন্ধ না থাকে। এবার ওই ছানার মধ্যেই অল্প নুন, চিনি, গরম মশলা গুঁড়ো এবং ময়দা দিয়ে খুব ভাল করে মেখে নিন। মাখা হয়ে গেলে ছোট ছোট বলের আকারে গড়ে নিন। এরপর কড়াইতে সাদা তেল গরম করে ছানার বলগুলি ভেজে তুলে রাখুন। এবার ওই তেলের মধ্যেই অল্প ঘি দিয়ে কাজুবাদাম এবং কিসমিসগুলো হালকা করে ভেজে নিন।
পোলাও বানানোর জন্য
প্রথমেই গোবিন্দভোগ চাল ভাল করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে তা আর একটি বাটিতে তুলে রাখুন। এরপর ওই ভেজানো চালের মধ্যে একে একে নুন, ঘি, খাওয়ার হলুদ রং এবং আদাবাটা দিয়ে মিশিয়ে এক ঘণ্টা রেখে দিন। এবার কড়াইতে তিন টেবিল চামচ ঘি দিন। ঘি গরম হলে তাতে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি এবং তেজপাতা ফোড়ন দিন। এবার একটু নাড়াচাড়া করে আগে থেকে মেখে রাখা চাল কড়াইয়ে দিয়ে দিন। চাল একটু ভাজা হয়ে এলেই জল মেশান। মনে রাখতে হবে জল এবং দুধের মোট পরিমাণ যেন চালের পরিমাপের দ্বিগুণ হয়। চাল একটু সেদ্ধ হয়ে এলে তাতে দু’কাপ দুধ দিয়ে সেদ্ধ হতে দিন। প্রায় ৮০ শতাংশ সেদ্ধ হয়ে এলে একে চিনি, ভেজে রাখা কাজু বাদাম, কিসমিস দিয়ে আবার একটু নাড়াচাড়া করুন। জল পুরোপুরি শুকিয়ে গেলে, নামানোর আগে দুধে ভেজানো জাফরান আর ঘি ছড়িয়ে দিন। এবার আগে থেকে ভেজে রাখা ছানার বলগুলি তবকে জড়িয়ে ওপরে দিয়ে দিন। ব্যস তৈরি অতি সুস্বাদু মোতি পোলাও।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার