সময় কলকাতা ডেস্কঃ তিনদিনের ত্রিপুরা এবং অসম সফরে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবারই গুয়াহাটি যাচ্ছেন তিনি। এদিনই আগরতলা থেকে কলকাতার ট্রেনের সূচনা করবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । ফলে এবার থেকে ট্রেনেই কলকাতা থেকে যাওয়া যাবে আগরতলা। রেলের তরফে জানানো হয়েছে, ত্রিপুরার সঙ্গে দেশের অন্য এলাকার রেল যোগাযোগ উন্নত করার লক্ষ্যেই কলকাতা থেকে গুয়াহাটির ট্রেনকে আগরতলা পর্যন্ত সম্প্রসারিত করা হচ্ছে।
জানা গিয়েছে,এই ট্রেনটি সপ্তাহে মাত্র একদিনই চলবে। এই ট্রেনটির নম্বর বদলে হচ্ছে ০২৫০২/০২৫০১। আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত এই ট্রেনটি চলবে। এই ট্রেনে একটি ফার্স্ট ক্লাস এসি, ৫টি এসি 3-স্তর, ৬টি স্লিপার সহ মোট ১৪টি কোচ থাকবে। ট্রেনটি নিউ করিমগঞ্জ, নিউ হাফলং, গুয়াহাটি, গোয়ালপাড়া, কোকরাঝাড়, নিউ কোচবিহার, কিষাণগঞ্জ, কাটোয়া এবং ব্যান্ডেল স্টেশনে দাঁড়াবে। ট্রেনটি আগরতলা থেকে প্রতি বুধবার সকাল সাড়ে ৭টায় ছাড়বে। আর পরদিন দুপুর ৩টের সময় কলকাতায় পৌঁছবে। অন্যদিকে প্রতি রবিবার রাত ৯.৪০মিনিটে ট্রেনটি কলকাতা থেকে ছাড়বে। মঙ্গলবার সকাল ৫.১৫মিনিটে আগরতলা পৌঁছবে।
অন্যদিকে বৃহস্পতিবার গুয়াহাটির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি-তে ‘পরম কামরূপ’ নামে একটি সুপার কম্পিউটারের উদ্বোধন করবেন তিনি। সেখান থেকেই ধুবুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধন করবেন। এটি হচ্ছে অসমের নবম মেডিক্যাল কলেজ। পাশাপাশি এদিন রাষ্ট্রপতি ভার্চুয়ালি মধ্যপ্রদেশের জব্বলপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির জোনাল ইনস্টিটিউট-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ।

সূত্রের খবর,তিনদিনের ত্রিপুরা এবং অসম সফরে এসে চা বাগান এলাকার ১০০টি মডেল স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন তিনি। অসমের একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথাও রয়েছে রাষ্ট্রপতির। এছাড়াও গুয়াহাটি থেকে নাগাল্যান্ডের শোখুভি এবং মেঘালয়ের মান্দিপাথর পর্যন্ত ট্রেনের সূচনা করবেন রাষ্ট্রপতি।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর