Home » নবম থেকে দ্বাদশের শিক্ষক নিয়োগে ছাড়পত্র

নবম থেকে দ্বাদশের শিক্ষক নিয়োগে ছাড়পত্র

সময় কলকাতা ডেস্কঃ নবম থেকে দ্বাদশের শিক্ষক নিয়োগে ছাড়পত্র। প্রায় ২২ হাজার শূন্যপদের তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হয়েছিল আগেই। এবার নবম-দশম শ্রেণি এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য ছাড়পত্র পেল মধ্যশিক্ষা পর্ষদ। সবুজ সংকেত দিয়েছে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের কাছে সমস্ত তথ্য পাঠিয়ে দিয়েছে স্কুল শিক্ষা কমিশনার।

স্কুল শিক্ষা দফতর সূত্রে জানা গেছে, মোট ২১ হাজার ৬৯৪টি শূন্য পদে নিয়োগ করতে পারবে মধ্যশিক্ষা পর্ষদ। এর মধ্যে নবম-দশম শ্রেণিতে ১৩ হাজার ৮৮২, একাদশ দ্বাদশ শ্রেণিতে ৫ হাজার ৫২৭টি শূন্য পদ রয়েছে বলে জানা গেছে। প্রধান শিক্ষক নিয়োগের জন্য শূন্যপদ রয়েছে ২ হাজার ৩২৫টি। সমস্ত তথ্য স্কুল সার্ভিস কমিশনকে জানাবে মধ্যশিক্ষা পর্ষদ। জানা গিয়েছে, তফশিলি জাতি, তফশিলি উপজাতি, ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরিতে মোট কতসংখ্যক শূন্যপদ আছে, তার তালিকা প্রস্তুত করে ২১ সেপ্টেম্বর অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের অনুমোদনের জন্য পাঠিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। মাত্র ২০ দিনের মধ্যেই গত ১১ অক্টোবর সেই অনুমোদন দিল অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর। ফলে, প্রায় ২২ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না।

About Post Author