Home » প্রসেনজিৎ-এর বিয়ের আনন্দে নেচে উঠলেন তৃষাণজিৎ

প্রসেনজিৎ-এর বিয়ের আনন্দে নেচে উঠলেন তৃষাণজিৎ

সময় কলকাতা ডেস্কঃ এবার প্রসেনজিৎ আর ঋতুপর্ণার বিয়ের আনন্দে নেচে উঠলেন প্রসেনজিৎ-এর ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়। আর সেই নাচের ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বন্ধুদের সঙ্গে ‘চোখ তুলে ২’ গানটিতে নেচে দর্শকদের ব্যাপক মন জয় করে নিল সুপারস্টারের পুত্র তৃষাণজিৎ।

বিয়ে করছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা! এই খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছিল টলিপাড়ায়। একসময়ের সুপারহিট জুটি বুম্বা-ঋতুর বিয়ে নিয়ে শুরু হয়েছিল জোর জল্পনা। কিছুদিন আগেই সেই বিয়ের তারিখই পাকা করেছিলেন বুম্বা দা। ঘোষণা করেছিলেন ‘প্রসেনজিত ওয়েডস ঋতুপর্ণা’-র তারিখ। চলতি বছরের নভেম্বরেই ধুমধাম করে বিয়ে সারবেন তাঁরা। বছরের শেষেই দুই সেলিব্রিটির গ্র্যান্ড বিয়ের সাক্ষ্মী হতে চলেছেন সবাই। কেননা আগামী ২৫ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘প্রসেনজিত ওয়েডস ঋতুপর্ণা’ সিনেমাটি। এর আগে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি অ্যানিমেটিক টিজার শেয়ার করেছেন বুম্বা দা। টিজার দেখে দর্শকদের উত্তেজনা আরও বেড়ে গিয়েছে। সম্রাট শর্মা পরিচালিত এই ছবিতে থাকবে প্রচুর চমক। কিছুদিন আগেই বিয়ে নিয়ে একটি রিলস ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন প্রসেনজিৎ। আর মুহূর্তের মধ্যে সেই রিলস ভক্তদের কমেন্ট, রিঅ্যাকশন ও শেয়ারে ভরে যায়।

একসঙ্গে ৪৮টি ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। মাঝে দীর্ঘদিন একসঙ্গে কোনও ছবিতে দেখা যায়নি তাঁদের। ১৫ বছর পর শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ছবি ‘প্রাক্তন’-এ কামব্যাক করেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। যা ফের একবার দর্শকদের মন জয় করে নেয়। একসময় টলিপাড়ায় কান পাতলেই প্রসেনজিৎ ও ঋতুপর্ণার প্রেমের গুঞ্জন শোনা যেত। যদিও কখনই এ বিষয়ে তাঁরা প্রকাশ্যে কিছু বলেননি।

About Post Author