Home » ডেঙ্গি আক্রান্ত অভিনেতা আবির চট্টোপাধ্যায়

ডেঙ্গি আক্রান্ত অভিনেতা আবির চট্টোপাধ্যায়

সময় কলকাতা ডেস্কঃ ডেঙ্গি আক্রান্ত অভিনেতা আবির চট্টোপাধ্যায়। বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। বুধবার অর্থাৎ আজই পরীক্ষা করে জানা গিয়েছে অভিনেতা ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। আপাতত চিকিৎসকদের কড়া নজরেই রয়েছেন তিনি। এই মুহূর্তে যাবতীয় শুটিং বাতিল করেছেন আবির।

রাজ্যে ক্রমশই ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গি পরিস্থিতি। বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ১৫ দিনে দক্ষিণ কলকাতার সংক্রমণের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে উত্তর কলকাতার সংক্রমণও। গত সাত দিনে কাশীপুর, টালা, পাইকপাড়ায় ডেঙ্গি সংক্রমণ ১৮.৯ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৩০.৭ শতাংশ।

নিত্যদিনই জেলায় জেলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর-সহ বেশ কয়েকটি জেলায় ক্রমশ বেড়েই চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ডেঙ্গি রোগীদের চিকিৎসার জন্য হেল্প লাইন নম্বরও ইতিমধ্যে চালু করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। দফতর। হেল্প লাইন নম্বরটি হল,১৮০০-৩১৩-৪৪৪-২২২। ডেঙ্গি আক্রান্ত রোগীরা যে কোনও সমস্যায় এই হেল্প লাইনে ফোন করলেই চিকিৎসা থেকে শুরু করে ওষুধ,সব ব্যাপারে খোঁজ-খবর নিতে পারবেন। এমনকী বাড়িতে বসে ডেঙ্গি চিকিৎসার ব্যাপারেও পরামর্শও মিলবে। উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ সহ যে জেলাগুলিতে ডেঙ্গির প্রকোপ বেশি, সেই সমস্ত জেলায় হেল্প লাইন চালু করা হয়েছে। এই হেল্প লাইনে ফোন করলে জেলা স্বাস্থ্য দফতরের তরফে সহযোগিতা পাওয়া যাবে। যে কোনও সরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা সহ ভর্তির ব্যাপারেও পরামর্শ ও সহযোগিতা মিলবে এই হেল্প লাইনে।

About Post Author