সময় কলকাতা ডেস্ক: প্রাথমিকে নিয়োগের পরীক্ষায় যোগ্যতা নিয়ে আরও একটি বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ জানিয়েছে, স্নাতকস্তরে ৪৫ শতাংশ নম্বর থাকলে টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট পরীক্ষায় বসতে পারবেন পরীক্ষার্থীরা। জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। যদিও এর আগে পর্ষদ জানিয়েছিল, টেট পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে স্নাতকে অন্ততপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ ব্যাচেলর অফ এডুকেশন অর্থাৎ বিএড থাকা বাধ্যতামূলক।
২০১০ সালের ২৩ অগস্টের আগে যাঁরা স্নাতক-সহ বিএড ডিগ্রি পেয়েছেন, তাঁরাই রিজ়ার্ভ ক্যাটেগরিতে পরীক্ষা দিতে পারবেন বলে জানিয়েছে পর্ষদ। তবে সে ক্ষেত্রে তাঁদেরকেও বিএড কোর্সের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। জেনারেল প্রার্থীরা স্নাতকে ৪৫ শতাংশ নম্বর পেলে এবং সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা ৪০ শতাংশ নম্বর পেলেই ২০২২ সালের টেটে অংশগ্রহণ করতে পারবেন।

রাজ্যজুড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ ডিসেম্বর বেলা ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত। আড়াই ঘণ্টার পরীক্ষাটি মোট ১৫০ নম্বরে হবে। বৃহস্পতিবার অনলাইন আবেদনের শেষদিন। তার আগেই বিজ্ঞপ্তি জারি করে এই যোগ্যতামান জানিয়ে দিল পর্ষদ। এই পরীক্ষার মাধ্যমে প্রাথমিকের ১১ হাজারেরও বেশি শূন্যপদে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে বলে ঘোষণা করেছে পর্ষদ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি