সময় কলকাতা ডেস্কঃ রাজ্যে উদ্বেগজনক ভাবে বেড়েই চলেছ ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় কলকাতাতেই ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের। জানা গিয়েছে,মঙ্গলবার ডেঙ্গি আক্রান্ত হয়ে এনআরএসের সাফাই কর্মী বুবাই হাজরার মৃত্যু হয়েছে। পাশাপাশি এদিনই ডেঙ্গি আক্রান্ত হয়ে সল্টলেক আমরিতে কেষ্টপুরের বাসিন্দা সোমনাথ দে-র মৃত্যু হয়েছে। এদিকে এই একইদিনে রুবি হাসপাতালে আরও এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৫০ হাজার পেরিয়ে গিয়েছে। আর ডেঙ্গি আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮০।
অন্যদিকে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিঠিতে তিনি লিখেছেন, ‘ডেঙ্গি মোকাবিলায় দ্রুত রাজ্যে চিকিৎসক ও বিশেষজ্ঞ দল পাঠানো হোক। রাজ্যের ডেঙ্গি-পরিস্থিতি অযোগ্য রাজ্য সরকারে হাতের বাইরে। আর্থিক সঙ্কটের কারণেই রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি এত ভয়াবহ, বহু মানুষ প্রাণ হারাচ্ছে।
অন্যদিকে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে,এবছর হুগলিতে ডেঙ্গির গ্রাফ সবচেয়ে বেশি। এখনও পর্যন্ত এই জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭২৪। কার্যত সেকারণেই এবার স্বাস্থ্য দফতর হুগলি জেলাকে রীতিমতো হটস্পট ঘোষণা করতে চলেছে। মূলত শ্রীরামপুর, ডানকুনি, ভদ্রেশ্বর, বৈদ্যবাটি, রিষড়া এলাকাকেই হটস্পট হিসেবে ধরছেন স্বাস্থ্য দফতরের কর্মীরা।
কিছুদিন আগেই ডেঙ্গি নিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম ও মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী দফায় দফায় জেলাশাসককদের সঙ্গে বৈঠক করেন। সেসময় প্রতিটি পুরসভাকে ‘হেল্পলাইন’ চালু করার নির্দেশ দিয়েছিল নবান্ন। যাতে সাধারণ মানুষ কোনও এলাকায় জঞ্জাল ও জমা জল দেখলেই পুরসভাকে খবর দিয়ে পরিষ্কার করাতে পারে। ইতিমধ্যেই প্রতিটি জেলা হাসপাতালে ডেঙ্গি চিকিৎসার জন্য চিকিৎসার উপযুক্ত ব্যবস্থা তৈরি রাখার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে বার্তা দেওয়া হয়, সরকারি কর্মসূচি নয়, ডেঙ্গি মোকাবিলাকে অভিযান হিসেবে দেখতে হবে।

উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, জলপাইগুড়িতে ডেঙ্গির প্রাদুর্ভাব সবচেয়ে উদ্বেগজনক। প্রশাসনকে এ বিষয়ে আরও সতর্ক হতে হবে বলেই জানান মুখ্যসচিব। ডেঙ্গি প্রতিরোধে সাফাই অভিযান কতটা হচ্ছে? ঠিকমতো মানুষের কাছে প্রচার করতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? সেদিকে কড়া নজর রাখার নির্দেশ দেন তিনি।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী