Home » বৈদিক ভিলেজে তরুণীকে মাদকাসক্ত করে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৪ 

বৈদিক ভিলেজে তরুণীকে মাদকাসক্ত করে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৪ 

সময় কলকাতা ডেস্কঃ জন্মদিনের পার্টিতে তরুণীকে মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগ উঠল চারজনের বিরুদ্ধে। রাজারহাট-এর বৈদিক ভিলেজের ঘটনা। ঘটনার সঙ্গে যুক্ত চারজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে রাজারহাট থানার পুলিশ। ধৃতদের শনিবার অর্থাৎ আজ বারাসাত আদালতে তোলা হবে বলেই সূত্রের খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১০ তারিখ বৈদিক ভিলেজের রিসোর্টে একটি জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল। ১০ থেকে ১৫ জনের একটি দল সেই পার্টিতে উপস্থিত ছিল। অভিযোগ, সেই পার্টি শেষ হতেই তরুণীকে মাদকাসক্ত করে গণধর্ষণ করা হয়। এরপরেই ওই তরুণী ১১ তারিখ অর্থাৎ ঘটনার পরের দিন একটি লিখিত অভিযোগ দায়ের করেন রাজারহাট থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই রাজারহাট থানার পুলিশ তড়িঘড়ি চার অভিযুক্তকে গ্রেফতার করে। এই মুহূর্তে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য রাজারহাট থানায় উপস্থিত হয়েছেন বিধান নগর পুলিশ কমিশনারেট এর পুলিশ কমিশনার গৌরব শর্মা, ডিসি নিউটাউন, এসিপি রাজারহাট ও বিধাননগর কমিশনারেট-এর গোয়েন্দা শাখার পুলিশ।

ধৃতদের শনিবার বারাসাত আদালতে পেশ করা হবে এবং পুলিশ তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলেই জানা গিয়েছে। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে যে,বৈদিক ভিলেজের কর্তৃপক্ষের উপস্থিতিতে এই ঘটনা ঘটে যাওয়ার পরেও রাজারহাট থানার পুলিশকে অভিযুক্তদের বিষয়ে কোনরকম তথ্য কেন দিতে পারেনি তারা? ইতিমধ্যেই গোটা ঘটনাটি খতিয়ে দেখছে রাজারহাট থানার পুলিশ।

About Post Author