সময় কলকাতা ডেস্কঃ ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গিতে আক্রান্ত মৃতের সংখ্যাও। এবার হুগলির বৈদ্যবাটিতে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল বছর পনেরোর এক নাবালিকার। মৃত নাবালিকের নাম কায়ানাত পারভিন। বৈদ্যবাটি পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সে। পরিবার সূত্রে জানা গিয়েছে,গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিল কায়ানাত পারভিন। এরপর শুক্রবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে শ্রীরামপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে শেষরক্ষা আর হয়নি। এদিন রাতেই মৃত্যু হয় তাঁর।
অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক বিতর্ক। ইতিমধ্যেই পুরসভার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে সরব হয়েছেন এলাকাবাসীরা৷ তাঁদের অভিযোগ, নিকাশির কাজ ঠিকমতো হয় না। মশা নিধনের ক্ষেত্রেও পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। এর আগে গত বুধবারই উত্তরপাড়ার এক প্রৌঢ়ের মৃত্যু হয় ডেঙ্গিতে। এই নিয়ে ডেঙ্গিতে এখনও পর্যন্ত ন’ জনের মৃত্যু হল হুগলিতে।
ইতিমধ্যেই রাজ্যে অল্প বয়সী ডেঙ্গি আক্রান্তদের মৃত্যুর সংখ্যা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকমহল। সূত্রের খবর,রাজ্যে এই প্রথম ডেঙ্গি আক্রান্তের সংখ্যা মাত্র দু’মাসেই ৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৬৬০ জন। পাশাপাশি বিধাননগরে ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গি পরিস্থিতি। গত এক সপ্তাহ ধরে রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক ডেঙ্গি আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। কলকাতায় এখনও পর্যন্ত মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২০০০ ছাড়িয়ে গিয়েছে। তার মধ্যে বিধাননগর পুর এলাকাতেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সর্বাধিক। এই পরিস্থিতিতে ডেঙ্গি মোকাবিলায় বিধাননগর পুরনিগমকে ইতিমধ্যেই একগুচ্ছ নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। গত ৩১ আগস্ট পর্যন্ত বিধাননগর পুরনিগম এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ১৯৩। যা এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৩০০। যদিও বিধাননগরের বাসিন্দাদের একাংশের অভিযোগ, বিধাননগরের অধিকাংশ ব্লকের পার্কেরই বেহাল অবস্থা। পার্কের মধ্যে জল জমে রয়েছে। শুধু তাই নয়, বেশ কয়েকটি পার্কের ফোয়ারাগুলি দীর্ঘদিন ধরে ব্যবহার না হওয়ায় কারণে সেখানে মশার লার্ভা জন্মাচ্ছে।


More Stories
রাজনৈতিক পটপরিবর্তন ও বিজেপির অভিনব বনভোজনে ডুয়ার্সে
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?