Home » আবর্জনায় পড়ে থাকছে পতাকা

আবর্জনায় পড়ে থাকছে পতাকা

সময় কলকাতা ডেস্কঃ পতাকা আবর্জনার স্তূপে পড়ে থাকছে। বাড়ছে বিতর্ক। এবার ভারতের জাতীয় পতাকা নয়, তৃণমূলের পতাকা আবর্জনায় পড়ে থাকার বিষয় নিয়ে উত্তেজনা বা রাজনৈতিক চাপানউতোর – সবকিছুই জারি মালদায়।

আবর্জনার স্তূপে পড়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা! এমন ছবিই ধরা পড়ল মালদহের চাঁচলের নেতাজি মোড় সংলগ্ন চুড়িপট্টি গলির ভেতরে৷ সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগেই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷ যদিও এই নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা৷ পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের প্রতি অনীহার ছবি স্পষ্ট বলেই দাবি বিরোধীদের।

জানা গিয়েছে, মালদহের চাঁচলের নেতাজি মোড় সংলগ্ন চুড়িপট্টি গলির ভেতরে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা পড়ে রয়েছে নোংরা আবর্জনার স্তূপে। একটি নয়, -দু’টি নয়, প্রায় ১৫ থেকে ২০টি লাঠি দিয়ে মোড়া পতাকা ঠাঁই পেয়েছে আবর্জনায়। আর এই ঘটনাকে কেন্দ্র করেই ইতিমধ্যেই দেখা দিয়েছে রাজনৈতিক চাপানউতোর। যদিও এই ঘটনায় দলের কেউ জড়িত থাকলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছেন তৃণমূলের জেলা সম্পাদক৷

এ প্রসঙ্গে চাঁচল-১ ব্লক কংগ্রেস কমিটির সভাপতি আঞ্জারুল হক কটাক্ষ করে বলেন, ‘যারা তৃণমূল করে, তারা দলীয় পতাকা বিষয়টিই বোঝে না৷ এরা ব্যবসা করতে এসেছে, ফলে এরা দলীয় পতাকার মর্যাদা কী বুঝবে। দলীয় পতাকা আবর্জনা বা নর্দমা, যেখানেই পড়ে থাকুক না কেন, এদের কামাই হলেই হল৷ সবাই এক এক করে কংগ্রেসে চলে আসছে৷ গরু, কয়লা, মাটি চুরির অভি়যোগে দলটা ভরে গিয়েছে৷ চোরেদের সঙ্গে আর কেউ থাকতে চাইছে না৷ দলটা গোষ্ঠীদ্বন্দ্বে একেবারে জর্জরিত৷’
অন্যদিকে এ বিষয়ে মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা জেলাপরিষদের সদস্য মহম্মদ সামিউল ইসলাম বলেন, ‘এটা খুবই খারাপ কাজ৷ আমাদের দলের যদি কেউ এই কাজ করে থাকে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷’ এর পাশাপাশি কংগ্রেসের কটাক্ষ প্রসঙ্গে তিনি পাল্টা বলেন,রাজ্যে কংগ্রেস, সিপিএম আছে? আমাদের সরকার প্রতিটি এলাকায় বাড়িতে পৌঁছে দিচ্ছে পরিষেবা৷ কংগ্রেস এবং সিপিআইএম,ওরা দুই ভাই ভেবেছিল একসঙ্গে জোটে লড়াই করবে৷ তাই মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে৷ কিন্তু তা পারবে না৷ আমরা লড়াই করব, তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিটি প্রার্থী জিতবে৷’

About Post Author