Home » মেলবোর্নে ইতিহাস ইংল্যান্ডের, পাকিস্তানকে হারিয়ে বিশ্ব সেরা ইংল্যান্ড

মেলবোর্নে ইতিহাস ইংল্যান্ডের, পাকিস্তানকে হারিয়ে বিশ্ব সেরা ইংল্যান্ড

সময় কলকাতা ডেস্কঃ ইমরানের পাকিস্তান যা পেরেছিল তা করতে পারলনা বাবরের পাকিস্তান। অন্যদিকে ১৯৯২ বিশ্বকাপের মধুর প্রতিশোধ নিল ইংল্যান্ড। ২০১৯ সালে ৫০ ওভারের বিশ্বকাপ জেতার পর ২০ ওভারের বিশ্বকাপ জিতল ইংল্যান্ড। মেলবোর্নে ফাইনালে পাকিস্তানকে ধরাশায়ী করল বাটলার বাহিনী।

সেমিফাইনালের মতই এদিনও ভাগ্য সহায় ছিল ইংল্যান্ড অধিনায়কের। টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক। গোটা টুর্নামেন্টে সেরকম ভাবে দাগ কাটতে পারেনি ইংল্যান্ডের টপ অর্ডার। এদিনও ব্যর্থ রিজ-বাবার জুটি। বরং পেস সহায়ক অস্ট্রেলিয়ার পিচে দুরন্ত বোলিং করলেন ইংল্যান্ডের বোলাররা। স্যাম করণ, ক্রিস ওকস, বেন স্টোকস, আদিল রাশিদদের দাপুটে বোলিংয়ের সামনে কার্যত কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি পাক ব্যাটাররা।

অধিনায়ক বাবর ( ২৮ বলে ৩২ রান) ও শান মাসুদ (২৮ বলে ৩৮ রান) ছাড়া এদিন রান পাননি কোনও পাক ব্যাটার। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৩৭ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস।

এদিনের ম্যাচে ইংল্যান্ডের হয়ে ৪ ওভার বল করে ১২ রান দিয়ে তিন উইকেট নেন স্যাম করণ। ক্রিস জর্ডান ও আদিল রাশিদ দুটি করে উইকেট নেন। একটি উইকেট পান বেন স্টোকস। এই ফরম্যাটে জেতার  ১৩৭ রান যথেষ্ট নয়।  তাও প্রতিপক্ষ যখন শক্তিশালী ইংল্যান্ড। যদিও পাকিস্তানের শক্তিশালী বোলিংয়ের সামনে এই রান তাড়া করতেও যথেষ্ট বেগ পেতে হয় ইংল্যান্ডের ব্যাটারদের। শাহিন আফ্রিদি ও হরিশ রউফের বিধ্বংসী বোলিংয়ের সামনে দ্রুত দু’উইকেট খুইয়ে বসে তারা।

তবে বিপাকে দলের হাল ধরেন অধিনায়ক বাটলার (১৭ বলে ২৬ রান) ও  বেন স্টোকস (৪৯ বলে ৫২ রান)। ৩৯ রানের পার্টনাশিপ করে এই জুটি।অধিনায়ক বাটলারকে ফিরিয়ে পাকিস্তানকে ফের ম্যাচে ফেরান হরিশ রউফ।

কিন্তু স্টোকসকে যোগ্য সঙ্গত দেন মঈন আলি (১৩ বলে ১৯ রান)। শেষের দিকে মঈনকে আউট করেন মহম্মদ ওয়াসিম।  কিন্তু ততক্ষণে জয়ের দোর গোড়ায় পৌঁছে গিয়েছে ইংল্যান্ড। ১৯ তম ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড। এদিন ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে যায় দলের নির্ভরযোগ্য বোলার শাহিন শাহ আফ্রিদির চোট পেয়ে মাঠ ছাড়া। শাহিন মাঠে থাকলে ম্যাচের ফল অন্যরকম হতেই পারত। এদিন ম্যাচ সেরা হন ইংল্যান্ডের বোলার স্যাম করণ। ফাইনালের পাশাপাশি, বিশ্বকাপের সেরা ক্রিকেটারও হয়েছেন স্যাম করণ।

(সংক্ষিপ্ত স্কোর : পাকিস্তান ১৩৭-৮, (শান মাসুদ ৩৮, স্যাম কারান ৩-১২, আদিল রশিদ ২-২২)। ইংল্যান্ড ১৩৮-৫, (বেন স্টোকস ৫২*, হ্যারিস রউফ ২-২৩) ১৯ ওভার ।  ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী।)

About Post Author