সময় কলকাতা ডেস্কঃ মুর্শিদাবাদের সাংসদ আবু তাহেরের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। বহরমপুর রাজ্য সড়কের উপর নওদা থানার পিপড়েখালি এলাকার ঘটনা। নিহত শিশুর নাম হাসিম সরকার। তাঁর বাড়ি নওদার গঙ্গাধারি উত্তর শেখপাড়া এলাকায়। মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। একইসঙ্গে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

পুলিশ সূত্রে খবর, বুধবার মায়ের সঙ্গে পিঁপড়েখালি এলাকায় একটি ব্যাঙ্কে গিয়েছিল সে। তার মা যখন ব্যাঙ্কের কাজ সারছিলেন সেইসময় হাসিম একাই বেরিয়ে এসে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল। ওই পথেই বহরমপুর যাচ্ছিলেন সাংসদ আবু তাহের। তখনই তাঁর গাড়ি ওই শিশুটিকে ধাক্কা মারে। সাংসদ নিজেও তখন গাড়িতে ছিলেন। দ্রুত তিনি গাড়ি থেকে নেমে এসে শিশুটিকে তুলে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসা চলাকালীন হাসিমের মৃত্যু হয়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তেজিত হয়ে ওঠে এলাকার মানুষ। শুরু হয় বিক্ষোভ। গোটা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

মর্মান্তিক এই দুর্ঘটনা প্রসঙ্গে তৃণমূল সাংসদ আবু তাহের খান বলেন, ‘ শিশুটির মা সঙ্গে ছিল না। রাস্তার মধ্যে ছোটাছুটি করছিল সে। এপার-ওপার করতে গিয়ে এ ঘটনা ঘটে গিয়েছে। ওর মা ব্যাঙ্কের কোনও একটা কাজে এসেছিলেন। দুর্ঘটনার পরই ৫০ থেকে ৬০ জন এলাকাবাসী চলে আসেন। কিন্তু, তখনও তার মায়ের দেখা পাওয়া যায়নি। অনেক পরে তিনি আসেন। আমি ঘটনার পরই তৎক্ষণাৎ বাচ্চাটিকে কোলে করে তুলে হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার নার্সরাও অত্যন্ত তৎপরতার সঙ্গে চিকিৎসা শুরু করেন।’


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী