সময় কলকাতা ডেস্কঃ কলকাতাবাসীর জন্য সুখবর। এবার জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো চলাচলে ছাড়পত্র দিল কমিশনার অফ রেলওয়ে সেফটির। শর্ত সাপেক্ষে অনুমতি মিলল যাত্রার। কিন্তু, ঠিক কবে থেকে এই পরিষেবা শুরু হবে,সে ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত নেবে মেট্রো কর্তৃপক্ষ। সূত্রের খবর,চলতি বছরের শেষের দিকেই জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হতে পারে।
সম্প্রতি, জোকা-তারাতলা মেট্রোর নিরাপত্তা খতিয়ে দেখতে জোকা মেট্রো স্টেশনে এসেছিলেন উত্তরপূর্ব সীমান্ত রেলের সেফটি কমিশনার লতিফ খান। সেসময় কন্ট্রোল রুম থেকে শুরু করে মেট্রোর লাইন এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা পুরোটাই খতিয়ে দেখেন সেফটি কমিশনার। জোকা থেকে তারাতলা পর্যন্ত ছয়টি স্টেশন রয়েছে। প্রত্যেকটি স্টেশনে গিয়ে যাত্রী নিরাপত্তা থেকে অতি নিরাপত্তা ব্যবস্থা পুরোটাই খতিয়ে দেখেন তিনি।
প্রসঙ্গত, পুজোর আগেই জোকা থেকে তারাতলা পর্যন্ত মোট সাড়ে ৬ কিমি পথে ট্রায়াল রান হয়ে গিয়েছিল। তারপর থেকেই সেফটি কমিশনারের সবুজ সংকেতের অপেক্ষায় ছিল এই রুট। জোকা-তারাতলা সাড়ে ছ’কিলোমিটার দূরত্বে রয়েছে জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা এই ছ’টি স্টেশন। কলকাতা মেট্রোর লাইন-থ্রি বা জোকা-ধর্মতলা রুটের ১৪ কিলোমিটারের মধ্যে সাড়ে ছ’ কিলোমিটারের রুট ফেজ-ওয়ানে এই ভাবেই পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে প্রকল্প নির্মাণের ভারপ্রাপ্ত সংস্থা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেডের।
উল্লেখ্য,২০০৯ সালে তৎকালীন রাষ্ট্রপতির হাতে জোকা-বিবাদিবাগ মেট্রো লাইনের শিলান্যাস হয়। সেসময় ছত্তিশগড় থেকে কলকাতায় এসে পৌঁছেছিল ইস্পাতের রেল। আরভিএনএল সূত্রে খবর, জোকা ডিপো থেকে মাঝেরহাট পর্যন্ত প্রায় ১০ কিমি লাইন পাতার মতো ইস্পাতও এসে পৌছে গিয়েছিল। কাজও প্রায় শেষ করা গিয়েছিল। কিন্তু, একাধিক জমি সংক্রান্ত জটিলতার জেরে ডেডলাইন পেরিয়ে গেলও বেহালা মেট্রোর পরিষেবা এখনও শুরু করা যায়নি। ২০১৮ সালে মাঝেরহাট সেতু ভেঙে পড়ার ঘটনা কলকাতা মেট্রোর লাইন-থ্রি প্রকল্পকে আরও পিছিয়ে দেয় বলে দাবি আরভিএনএল-এর আধিকারিকদের।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা