Home » রাহুলকে প্রাণনাশের হুমকি চিঠি! উদ্বিগ্ন কংগ্রেস নেতৃত্ব

রাহুলকে প্রাণনাশের হুমকি চিঠি! উদ্বিগ্ন কংগ্রেস নেতৃত্ব

সময় কলকাতা ডেস্কঃ

দেশের ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’ পুনরুদ্ধারের দাবিকে সামনে রেখে ভারত ভ্রমনে বেড়িয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। লক্ষ্য কন্যাকুমারী থেকে কাশ্মীর পায়ে হেঁটে যাত্রা করবেন রাহুল। এই যাত্রার পোশাকি নাম ‘ভারত জোড়ো যাত্রা’ ইতিমধ্যে এই কর্মসূচি সমগ্র দেশে ব্যাপক সাড়া পেয়েছে। হাজার হাজার মানুষ প্রতিদিন রাহুলের যাত্রার সঙ্গী হচ্ছেন। রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি অরাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতি এই যাত্রায় বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে। দীর্ঘ দুই মাস ধরে রাস্তায় হেঁটে জনসংযোগে ব্যস্ত কংগ্রেসের প্রাক্তন সভাপতি। ইতিমধ্যে এই ভারত জোড়ো যাত্রা মহারাষ্ট্র অতিক্রম করে মধ্যপ্রদেশে পাড়ি জমিয়েছে। কিন্তু এর মধ্যে প্রাণ নাশের হুমকি পেলেন রাহুল। শুক্রবার সকালে রাহুলকে নিশানা করা হুমকি দেওয়া চিঠিটি সমানে আসে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের ইন্দোরের জুনি থানা এলাকায় একটি মিষ্টির দোকান থেকে একটি হিন্দিতে লেখা চিঠি উদ্ধার হয়। সেই চিঠিতে বোমা মেরে হত্যার হুমকি দেওয়া হয়ছে ওয়ানাদের কংগ্রেস সাংসদকে। যদিও কেন রাহুলকে হুমকি চিঠি দেওয়া হল, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

মিষ্টির দোকানে কে বা কারা এই চিঠি ফেলে গিয়েছে তা এখনও জানা যায়নি। হুমকি চিঠি কাণ্ডে ঘুম উড়েছে ইন্দোর পুলিশের। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে মিষ্টির দোকানের সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ। ঘটনার তদন্তে নেমেছে মধ্য প্রদেশের গোয়েন্দারাও। 

আততায়ী হামলায় প্রাণ হারিয়েছিলেন রাহুলের দিদিমা তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি। আততায়ীর হামলায় প্রাণ হারিয়েছিলেন রাহুলের পিতা ও দেশের আরও একজন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধি। তাহলে কী এবার আততায়ীর নিশানায় গান্ধি পরিবারের আরও এক সদস্য? উদ্বেগ বাড়ছে কংগ্রেস শিবিরে। 

About Post Author