Home » দেশের নতুন জাতীয় নির্বাচন কমিশনার প্রাক্তন আইএএস অরুণ গোয়েল

দেশের নতুন জাতীয় নির্বাচন কমিশনার প্রাক্তন আইএএস অরুণ গোয়েল

সময় কলকাতা ডেস্কঃ পাখির চোখ বিধানসভা নির্বাচন। তার আগেই দেশের নতুন জাতীয় নির্বাচন কমিশনার হলেন প্রাক্তন আইএএস অরুণ গোয়েল। তিনি পাঞ্জাব ক্যাডারের ১৯৮৫-র ব্যাচের আইএএস। শনিবার সন্ধ্যায় আইন মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, প্রাক্তন আইএএস আধিকারিক অরুণ গোয়েলকে নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নির্বাচন কমিশনার পদে দায়িত্ব গ্রহণের পর প্রথমেই গুজরাতের বিধানসভা নির্বাচন সামলাতে হবে অরুণ গোয়েলকে।


এদিকে শুক্রবারই ভারী শিল্প দফতরের সচিবের পদ থেকে স্বেচ্ছায় অবসর নেন অরুণ গোয়েল। তাঁর চাকরির মেয়াদ ছিল চলতি বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু, চাকরির মেয়াদ শেষ হওয়ার মাত্র এক মাস আগেই স্বেচ্ছায় অবসর নেন তিনি। কার্যত সেকারণেই মনে করা হচ্ছে, জাতীয় নির্বাচন কমিশনের এই পদে তাঁকে বসানো হবে বলেই তিনি স্বেচ্ছায় অবসর নেন। সূত্রের খবর,অরুণ গোয়েল ২০২৭ সালের ডিসেম্বর মাস পর্যন্ত দেশের জাতীয় নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকবেন।


অন্যদিকে,চলতি বছরের মে মাসেই দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র অবসর নেন। তারপরই মুখ্য নির্বাচন কমিশনার হন রাজীব কুমার। দেশে প্রধান নির্বাচন কমিশনার সহ মোট তিন জন নির্বাচন কমিশনার থাকার কথা। কিন্তু গত ছ’মাস ধরে প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার অনুপচন্দ্র পান্ডে কাজ সামলাচ্ছিলেন। কিন্তু তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনে দুটি পদ পূরণ হলেও আরও একটি পদ খালি ছিল। শনিবারের নিয়োগে সেই শূন্যপদই পূরণ হল।
উল্লেখ্য,প্রাক্তন আইএএস অরুণ গোয়েলের রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলের নানা পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। মোট ৩৪ বছর তিনি আমলা হিসেবে কাজ করেছেন। এমনকী জিএসটিতেও অতিরিক্ত সচিব হিসেবে কাজ করেছেন।

About Post Author