সময় কলকাতা ডেস্কঃ বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না ‘আদিপুরুষ’ ছবিটির। ওম রাউত পরিচালিত ছবি ‘আদিপুরুষ’ –এর টিজার মুক্তির পর থেকেই ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় এই গ্রাফিক্সকে। কার্যত সেকারণেই এবার ছবির নির্মাতারা রাবণের লুক বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গিয়েছে,রাবণের দাড়ি চেঁচে ফেলা হবে। অর্থাৎ রাবণের চরিত্রে সেফ আলি খানের যে দাড়ি নিয়েও তীব্র নিন্দার ঝড় ওঠে, সেই দাড়িই এবার ‘ডিজিট্যাল’ সাহায্যে ছেঁটে ফেলা হবে।
সোশ্যাল মিডিয়াজুড়ে ‘বয়কট আদিপুরুষ’-এর ঝড় ওঠে। আর তারপরই ‘আদিপুরুষ’-এর মুক্তির দিনও পিছিয়ে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ছবির নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয় আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ১৬ জুন মুক্তি পাবে প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ ছবিটি। সম্প্রতি ছবির গ্রাফিক্স নিয়ে কটাক্ষের স্বীকার হতে হয়েছিল পরিচালককে। এমনকী ছবি থেকে বিতর্কিত দৃশ্য বাদ দেওয়ার দাবিতে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন হিন্দু সেনার সর্বভারতীয় সভাপতি বিষ্ণু গুপ্ত। হিন্দু সেনার তরফে জানানো হয়েছে, ধর্মীয় চরিত্রগুলিকে ভুলভাবে তুলে ধরায় হিন্দুদের ধর্মীয়ভাবাবেগে আঘাত হেনেছে। তাঁরা এই অভিযোগ কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রীর কাছে জানিয়েও কোনও উত্তর মেলেনি।
‘আদিপুরুষ’-এর প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই সমালোচনার সম্মুখীন ওম রাউত পরিচালিত, প্রভাস অভিনীত এই ছবি। টিজার মুক্তির পর থেকেই বিতর্কের সূত্রপাত। এত বড় বাজেটের ছবি মুক্তির আগেই সমালোচনার মুখে। বারে বারে বিতর্কে জড়াচ্ছে এই ছবি। ছবির ‘দুর্বল’ ভিএফএক্সে হতাশ সিনেপ্রেমীরা। ইতিমধ্যেই যা নিয়ে ট্রোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই ‘আদিপুরুষ’ ছবির শ্যুটিংয় শেষ হয়ে গিয়েছে। ‘আদিপুরুষ’ ছবিতে ‘রাবণ’-এর ভূমিকায় রয়েছেন সইফ আলি খান। রামের ভূমিকায় প্রভাস, হনুমানের চরিত্রে দেখা গিয়েছে দেবদত্ত নাগেকে। তবে এই চরিত্রগুলিকে যেভাবে তুলে ধরা হয়েছে তা নিয়েই আপত্তি বিভিন্ন মহলে।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?