Home » প্রাইমারি স্কুলে তাজা বোমা উদ্ধার! চাঞ্চল্য ব্যান্ডেলে

প্রাইমারি স্কুলে তাজা বোমা উদ্ধার! চাঞ্চল্য ব্যান্ডেলে

সময় কলকাতা ডেস্কঃ সপ্তাহের শুরুতেই বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ব্যান্ডেলে। সোমবার সাত সকালে ব্যান্ডেলের নলডাঙা নারায়ণপুর প্রাইমারি স্কুলের সামনে তিনটি বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তড়িঘড়ি খবর দেয় পুলিশকে। পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কয়েকদিন আগেই কুলপিতে বোমা ফেটে জখন হয়েছিল তিন শিশু। আর এবার হুগলিতে স্কুলের মাঠ থেকে উদ্ধার করা হল বোমা।

এই ঘটনা প্রসঙ্গে চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন,’ফাঁকা মাঠে তিনটি বোমা পড়েছিল। কে বা কারা এগুলো ফেলে গিয়েছে সেটা তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয় সিসিটিভির ফুটেজ আমরা খতিয়ে দেখছি।’

ইতিমধ্যেই এই বোমা উদ্ধারের ঘটনায় সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও বিজেপিকে আক্রমণ করেছেন চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেন, ‘বোমার রাজনীতি আমদানি করেছে বিজেপি আর লকেট। ২০১১ সালের পর থেকে আমাদের সরকার ক্ষমতায় আসে। তারপর আমরা প্রশাসনের মাধ্যমে সব ধরনের সমাজ বিরোধী কাজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। ২০১৯-এ লকেট আসার পর এই গুন্ডাবাজি চালু করেছেন।’

যদিও এ বিষয়ে পাল্টা তৃণমূল বিধায়ককে আক্রমণ করতে ছাড়েননি হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ। তিনি বলেন, ‘পঞ্চায়েতের আগে নলডাঙাতে বোমা রাখতে দেখেছি, শুধু বোমাগুলো ফাটেনি। পঞ্চায়েত ভোট আসতে না আসতে আবার শুরু হয়ে গিয়েছে। বিধায়কের নেতৃত্বে চুঁচুড়া বিধানসভার একাধিক জায়গায় অসামাজিক কার্যকলাপ চলছে। পুলিশ সেগুলির কোনওরকম দৃষ্টিপাত করেনি।’

About Post Author