সময় কলকাতা ডেস্কঃ‘সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার’। গঙ্গার মর্ত্যে আসা ও সগর রাজার পুত্রদের জীবনদানের লোকগাথাকে ঘিরে গড়ে উঠেছে এই তীর্থভূমি। মকর সংক্রান্তির পুণ্য তিথিতে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে এই গঙ্গাসাগর মেলায়। আর মাত্র একমাস পরেই গঙ্গাসাগর মেলা। জানা গিয়েছে,আগামী বছর,অর্থাৎ ২০২৩-এর ৯ জানুয়ারি থেকে শুরু হবে গঙ্গাসাগর মেলা, যা চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। তার আগেই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার সাগরের রুদ্রনগরে বিডিও অফিসে সমস্ত ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতিও চলছে জোরকদমে।
গত ১৭ নভেম্বর স্বাস্থ্যভবনে স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে বৈঠকে বসেন স্বাস্থ্যকর্তারা। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, বিগত দুই বছরের মতনই করোনা প্রতিরোধের যথাযথ বন্দোবস্ত করা হবে। করোনা সংক্রমণের আশঙ্কাও যাতে পুরোপুরি রোধ করা যায়, সে দিকে লক্ষ্য রেখে পর্যাপ্ত সংখ্যক ডাক্তার, নার্স ও প্যারামেডিকেল সংস্থান রাখা হবে। ইতিমধ্যেই এই কাজের জন্য অন্তত ৪১ জন মেডিক্যাল অফিসার, ২০ জন নার্স ও বেশ ক’জন বিশেষজ্ঞ চিকিৎসক রাখা হয়েছে। সূত্রের খবর,বিভিন্ন রোগ প্রতিরোধের জন্য ইতিমধ্যেই প্রায় ২ কোটি ৯৫ লক্ষ টাকার বরাদ্দের হিসাব পেশ করা হয়েছে।

ইতিমধ্যে একাধিক মন্ত্রী সাগরের পরিকাঠামো নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন। বৃহস্পতিবার বেলা ১২ টা নাগাদ সাগরের রুদ্রনগের বিডিও অফিসে সমস্ত লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন বিষয়ক দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিম হাজরা। এদিনের এই বৈঠকে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কাকদ্বীপের মহকুমাশাসক অরণ্য বন্দ্যোপাধ্যায়,সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল, চেয়ারম্যান সীমান্ত কুমার মালি,সাগরের সার্কেল ইন্সপেক্টর চন্দন কুসুম দাস, সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার প্রধান সহ সংশ্লিষ্ট সব বিভাগের আধিকারিকরা।

প্রতিবছর সাগর মেলায় লক্ষাধিক মানুষের সমাগম হয়। তার মধ্যে অবাঙালি পূণ্যার্থীদের সংখ্যা বেশিই থাকে। তবে গত দুবছর অতিমারির কারণে বিধিনিষেধ থাকায় সাগর মেলায় তেমন ভক্ত সমাগম হয়নি। চলতি বছরে বা আগামী বছরে আর করোনাবিধি না থাকায় সেই সংখ্যার অনেকটাই বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী