Home » রায়দিঘীতে কালীমন্দিরে চুরি

রায়দিঘীতে কালীমন্দিরে চুরি

সময় কলকাতা ডেস্ক: রায়দিঘীতে কালীমন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় প্রায় ৭ লক্ষ টাকার গয়না চুরি হয়েছে বলে খবর। এই ঘটনার পর চোরেদের দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

রায়দিঘী ব‍্যবসায়ী সমিতি দ্বারা পরিচালিত এই কালীমন্দির প্রায় ৭০ বছরের পুরানো মন্দির বলে পরিচিত। কয়েকবছর আগে মন্দিরের সংস্কার করা হয়। নতুন রূপে সাজানো হয় মন্দির। নতুন মন্দিরের চতুর্দিকে বসানো হয় সিসিটিভি।

কিন্তু প্রশ্ন উঠছে চারিদিকে সিসিটিভি লাগানো সত্বেও কিভাবে এই চুরির ঘটেছে বাজারের মধ‍্যে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, চোর দীর্ঘদিন ধরে এই মন্দির পর্যবেক্ষণ করছিল। এরপর সিসিটিভির ব্লাইন্ড স্পট খুঁজে বের করে খুব সুচতুর ভাবে চুরি করে সে। এই ঘটনায় আঁকুশি জাতীয় কিছু ব‍্যবহার করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিকে মন্দিরে চুরি হওয়ার খবর শুনে সকাল থেকে স্থানীয়রা সেখানে ভিড় জমাতে থাকেন। খবর দেওয়া হয় রায়দিঘী থানায়। এরপর রায়দিঘী থানার পুলিশ ঘটনাস্থলে আসে। ঠিক কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতারির দাবি জানিয়েছে স্থানীয়রা।

এই ঘটনায় মন্দির কমিটির সভাপতি সন্তোষ মাইতি জানান, ঘটনাটি খুবই অনভিপ্রেত এবং দু:খজনক ঘটনা। থানায় এই ঘটনা জানানো হয়েছে। চুরির ঘটনার কিনারা বের করার চেষ্টা করছে পুলিশ।

About Post Author