Home » ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি শুভেন্দুর

ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি শুভেন্দুর

সময় কলকাতা ডেস্কঃ সুপার স্যাটারডে! বঙ্গ রাজনীতির ময়দানে মূল ভূমিকায় থাকছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে,কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার কয়েকঘন্টা আগেই উত্তপ্ত পূর্ব মেদিনীপুর। অভিষেকের সভাস্থল থেকে ৪০ কিলোমিটার দূরে ভূপতিনগরের অর্জুননগর অঞ্চলের নাড়ুয়াবিলা এলাকায় বোমা বাঁধতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ। শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃত ৩। সূত্রের খবর, স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে বিস্ফোরণ ঘটে। আর এই বিস্ফোরণের জেরে তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না সহ তাঁর দুই ভাই বিশ্বজিৎ গায়েন এবং লালু মান্নার মৃত্যু হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন ভূপতিনগর থানার পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। অন্যদিকে এই ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি টুইট করে লিখেছেন,‘ভূপতিনগরে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণে তিন জনের মৃত্যু হয়েছে এবং ২ জন আহত। ভগবানপুর ২ নম্বর ব্লকের ঘটনা। তৃণমূল নেতা রাজকুমার মান্না বোমা তৈরি করছিল সেই সময় বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি করছি।’


জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের কাঁথিতে শান্তিকুঞ্জ থেকে ১০০ মিটার দূরে অভিষেকের সভা। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনায় অভিষেকেরই লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে পাল্টা সভা শুভেন্দুর। কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাকে সফল করতে ময়দানে নেমে পড়েছে তৃণমূলের নেতাকর্মীরা। প্রস্তুতি পর্বে যাতে এতটুকুও ফাঁক না থাকে, তা নিশ্চিত করতে নাওয়া-খাওয়া ভুলেছেন কাঁথির তৃণমূলকর্মীরা। অন্যদিকে, জট কাটিয়ে শেষে আদালতের কাছে ডায়মন্ড হারবারের লাইট হাউসের মাঠে সভা করার অনুমতি পান শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদান করার পর পূর্ব মেদিনীপুরে এই নিয়ে তৃতীয়বার আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, শনিবার দুপুর একটা নাগাদ কাঁথি শহরে পৌঁছবেন তিনি। ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে অভিষেকের সভাস্থল। নিরাপত্তা রক্ষায় সভাস্থলে লাগানো হয়েছে একাধিক সিসিটিভি। তৃণমূল কর্মীদের গাড়ির পার্কিং করার জন্য নির্দিষ্ট জায়গা ব্যবস্থা করে রাখা হয়েছে। সভার সামনের দিকে থাকছে দলীয় কর্মীদের প্রবেশ পথ। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাঁর আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন,সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

About Post Author