Home » শুরু হল প্রধানমন্ত্রী আবাস যোজনার তথ্য সংগ্রহের কাজ

শুরু হল প্রধানমন্ত্রী আবাস যোজনার তথ্য সংগ্রহের কাজ

সময় কলকাতা ডেস্কঃ আবাস যোজনায় দুর্নীতি রুখতে রাজ্য সরকার তৎপর হতেই নড়েচড়ে বসল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। শনিবার থেকেই শুরু হয়ে গেল প্রধানমন্ত্রী আবাস যোজনার ইনকোয়ারি বা তথ্য সংগ্রহের কাজ। ইতিমধ্যেই আশাকর্মীদের ও অঙ্গনওয়ারী কর্মীদের নিয়ে একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের সগরাই সম্প্রীতি হলে। এদিনের এই প্রশিক্ষণ শিবির উপলক্ষে হাজির ছিলেন খণ্ডঘোষ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সত্যজিৎ কুমার, যুগ্ম সমষ্টি আধিকারিক সন্দীপ সিংহ রায়, সি ডি পি ও লালেস শর্মা, ব্লক কৃষি আধিকারিক অসীম ঘোষ সহ অন্যান্যরা।

জানা গিয়েছে,প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রায় নয় হাজারেরও বেশি পরিবারের নাম আছে খণ্ডঘোষ ব্লকে। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সত্যজিৎ কুমার জানিয়েছেন, ‘প্রকৃত প্রাপকরা যাতে এই সুবিধা পান সেই দিক লক্ষ্য রাখতেই শনিবার থেকে খণ্ডঘোষ ব্লক জুড়ে শুরু হয়েছে তথ্য সংগ্রহের কাজ। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে আশা এবং অঙ্গনওয়ারী কর্মীরা।’ যদিও এদিন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সত্যজিৎ কুমার স্বয়ং বেশ কিছু বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ করেন।

উল্লেখ্য,আবাস যোজনা প্রকল্পের সুবিধাভোগীদের তালিকায় যাতে গরমিল না হয়, সেটা নিশ্চিত করতে ইতিমধ্যেই ত্রিস্তরীয় পরীক্ষাপদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। শুক্রবার নবান্নে রাজ্যের কুড়িটি দফতরের সচিব, জেলাশাসক এবং জেলার পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আবাস যোজনায় তালিকা তৈরিতে ত্রিস্তরীয় পরীক্ষা পদ্ধতি চালু করা হবে।

জানা গিয়েছে,প্রথম স্তরে সম্ভাব্য সুবিধাভোগীদের বাড়ি বাড়ি গিয়ে খতিয়ে দেখবেন আইসিডিএস এবং আশা কর্মীরা। তাঁদের রিপোর্টের ভিত্তিতে প্রথম স্তরে বাছাই করা হবে। দ্বিতীয় স্তরে সম্ভাব্য সুবিধাপ্রাপকদের বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবেন স্থানীয় থানার ওসিরা। তৃতীয় এবং সর্বোচ্চ স্তরে খোদ জেলাশাসককে বলা হয়েছে সুবিধাভোগীরা যোগ্য কিনা সেটা যেন সরেজমিনে খতিয়ে দেখা হয়। এই প্রক্রিয়ার মধ্যেই এবার পুলিশকেও ঢোকানো হয়েছে। এর বাইরেও প্রতিটি মহকুমা শাসকের অফিসে আলাদা করে কন্ট্রোল রুম খোলা হবে। সেই কন্ট্রোল রুম থেকে প্রতি মুহূর্তে এই প্রকল্প সম্পর্কে তথ্য দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই ঘোষণা করেছেন, নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে আবাস যোজনার বাড়ির তালিকা জানাতে হবে। কার্যত সেকারণেই এবার আরও তৎপর প্রশাসন। কেননা আগামী ২৫ ডিসেম্বরের মধ্যেই এই কাজ শেষ করতে হবে।

উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আগে আগামী একমাসের মধ্যে গোটা রাজ্যে ১১ লক্ষ উপভোক্তাকে চিহ্নিত করবে সরকার। যাঁরা সরকারের থেকে বাড়ি তৈরির জন্য টাকা পাবেন। এই প্রকল্পে মোট সাড়ে ১৩ হাজার কোটি টাকা খরচ হবে। অতি সম্প্রতি রাজ্যের আবাস যোজনার খাতে বকেয়া ৮২০০ কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র। এই টাকা যাতে কোনও ভাবে নয়ছয় না হয়, তা পঞ্চায়েত ভোটের আগে স্পষ্ট করে দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

About Post Author