Home » ৪ দিনের দিল্লি সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

৪ দিনের দিল্লি সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সময় কলকাতা ডেস্কঃ সোমবার ৪ দিনের দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে পা রেখেই রাষ্ট্রপতি ভবনে জি ২০ বৈঠকে যোগ দেবেন তিনি। ওই বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী ও অন্য কোনও নেতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয় কিনা তার উপরে নজর থাকবে রাজনৈতিক মহলের। এদিকে, মঙ্গলবার সকালে রাজস্থানের আজমের শরীফ ও পুষ্করের ব্রহ্মা মন্দির সফরে যাবেন তিনি। এদিনই আবার তিনি দিল্লি সফরে ফিরে আসবেন বলেই সূত্রের খবর।

বাংলার মুখ্যমন্ত্রীর রাজস্থান সফরকে ঘিরে ইতিমধ্যেই আঁটসাট নিরাপত্তার ব্যবস্থা করছে অশোক গেললট সরকার। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি তদারকি করতে কলকাতা থেকে পুষ্করে পৌঁছে গিয়েছেন ৫ আধিকারিক। বুধবার দিল্লিতে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তৃণমূল সাংসদদের সঙ্গে একটি বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, সংসদের শীতকালীন অধিবেশনে তৃণমূলের রণকৌশল কী হবে?এদিনের বৈঠকে তা ঠিক করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামী বছর জি-২০ সম্মেলনে সভাপতিত্ব করবে ভারত। সেই উপলক্ষ্যে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, এ বিষয়ে দেশজুড়ে মোট ২০০টি বৈঠক হবে। প্রথম ধাপে দেশের সব রাজনৈতিক দল ও মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে, সোমবারই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা মুখ্যমন্ত্রীর।

About Post Author