Home » ফের পশ্চিম মেদিনীপুরে করোনার হানা, খড়্গপুরে আক্রান্ত ২

ফের পশ্চিম মেদিনীপুরে করোনার হানা, খড়্গপুরে আক্রান্ত ২

নিজস্ব প্রতিনিধি,সময় কলকাতা,২৬ ডিসেম্বর :

পশ্চিম মেদিনীপুর জেলাতে ফের করোনার থাবা। রেল শহর খড়্গপুরে ধরা পড়ল করোনা সংক্রমণ। খড়্গপুরে   দুই মহিলার পরীক্ষা করে রবিবার স্বাস্থ্য দপ্তর ঘোষণা করে দুজনেই করোনা পজেটিভ। তৎপরতা শুরু হয় স্বাস্থ্য দপ্তরের। নির্দেশ পেয়ে মেদিনীপুর শহরে বড় একটি চার্চ মেলা স্যানিটাইজেশন শুরু করলো পৌরসভা। অর্থাৎ করোনার চোখ রাঙানি আবার শুরু পশ্চিম মেদিনীপুরে।

উল্লেখ্য গত  শনিবার খড়গপুর শহরের দুই মহিলার শারীরিক সমস্যার কারণে করোনা পরীক্ষা করা হয়েছিল। রবিবার দুজনেই পজিটিভ বলে জানতে পারে স্বাস্থ্য দপ্তর। সাথে সাথে শুরু হয়ে যায় তৎপরতা। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্য শংকর সারেঙ্গী সোমবার ফোনে বলেন-” জেলাতে তৎপর রয়েছে সকলেই। মেদিনীপুর ও ঘাটাল মিলে ৬০ বেডের দুটি ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। সকলকেই মাস্ক ব্যবহার ও সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছি।”

অথচ মাত্র সপ্তাহ দুয়েক আগেই পশ্চিম মেদিনীপুর জেলা করোনা শূন্য বলে ঘোষণা করেছিল স্বাস্থ্য দপ্তর। ২০২০ সালের পর এই প্রথম করোনা শূন্য হয়েছিল পশ্চিম মেদিনীপুর। অর্থাৎ স্বস্তির সময় ছিল মাত্র দুটি সপ্তাহ।

রোগ বৃদ্ধির আশঙ্কা  রয়েছে কারণ  বর্ষ শেষে বহু অনুষ্ঠান জেলার বিভিন্ন প্রান্তে। উৎসবের মুহূর্তে বড়দিন থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার সবথেকে বড় চার্চ মেলা শুরু হয়েছে রবিবার থেকে। যেখান থেকে করনার সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা। স্বাস্থ্য দপ্তরের নির্দেশে সোমবার সকাল থেকেই সেই মেলাকে স্যানিটাইজ করার উদ্যোগ নেয় মেদিনীপুর পুরসভা। পুরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন-” জেলাতে দুজন মহিলা করোনা সংক্রমিত হয়েছে। তাই এই মুহূর্তে এই মেলা থেকে সংক্রমণ যাতে বৃহৎ আকার না ধারণ করতে পারে তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে প্রতিদিন পুরসভার কর্মীরা পুরো মেলা স্যানিটাইজ করবে।” সবমিলিয়ে সিঁদুরে মেঘ দেখে পশ্চিম মেদিনীপুর  জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট পুরসভা গুলি করোনার বাড় বাড়ন্ত রুখতে আটঘাট  বেঁধে নেমেছে।

About Post Author