Home » শিলাবৃষ্টিতে বিপর্যস্ত অসম

শিলাবৃষ্টিতে বিপর্যস্ত অসম

সময় কলকাতা ডেস্কঃ শিলাবৃষ্টিতে বিপর্যস্ত অসম। মঙ্গলবার রাতে প্রবল শিলাবৃষ্টিতে তছনছ হয়ে গিয়েছে অসমের একাধিক জেলা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডিব্রুগড়, ছাড়িয়াদেও, তিনসুকিয়া এবং শিবসাগর জেলা। প্রায় ১৩২টি গ্রামের ঘরবাড়ি ভেঙে গিয়েছে ঝড়ের দাপটে।

পরিসংখ্যান বলছে, ৪৪০০-র বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে শিলাবৃষ্টিতে। হঠাৎ করে কীভাবে এই সময় শিলাবৃষ্টি হল, তাও আবার তার এতটা দাপট, তা নিয়ে ধন্দে রয়েছেন আবহাওয়াবিদরাও। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। তবে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ফলে গ্রামবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

একদিকে শীত তার উপরে শিলাবৃষ্টিতে আরও ঠান্ডা বেড়েছে। ইতিমধ্যেই আবহাওয়া দফতর উত্তর পূর্বের একাধিক রাজ্যে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে। অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরামে তুষারপাত হবে বলে জানিয়েছে। তারমধ্যে শিলাবৃষ্টিতে স্বাভাবিক ভাবেই জাঁকিয়ে শীত পড়েছে অসমে। হঠাৎ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছ ১৬০ এরও বেশি গ্রাম। ১৮০০০ এর বেশি মানুষ ঘর হারিয়েছেন।

About Post Author