সময় কলকাতা ডেস্কঃ ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ার উলুবেড়িয়ায়। বৃহস্পতিবার রাতে বিধ্বংসী আগুন লাগে উলুবেড়িয়া ইনস্টিটিউট অ্যান্ড লাইব্রেরিতে। নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় ৪০ টিরও বেশি দোকান। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে আসে দমকলের ৩ টি ইঞ্জিন। কোটি টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতি হলেও এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে হঠাৎই আগুন লাগে শতাব্দী প্রাচীন উলুবেড়িয়া ইনস্টিটিউট অ্যান্ড লাইব্রেরিতে। দোকানগুলির মধ্যে অঙ্কে জায়গায় দাহ্য পদার্থ মজুত থাকায় আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। আগুনের কুণ্ডলী ও ধোঁয়া দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় ওই লাইব্রেরি সহ আরও ৪০ টিরও বেশি দোকান। ফল থেকে জুতো, জামাকাপড় থেকে খাবারের দোকান দাউদাউ করে জ্বলতে থাকে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। স্থানীয়দের তরফে খবর যায় দমকলে। খবর পেয়ে তৎক্ষণাৎ দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। যদিও ততক্ষণে আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে দোকানগুলি। তবে ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তা থেকেই স্পষ্ট যে এদিন আগুনের ভয়াবহতা ঠিক কতটা ছিল। দমকল কর্মীদের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। তবে ঠিক কী কারণে এদিন আগুন লাগল, তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। যদিও শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলেই প্রাথমিক অনুমান দমকল অধিকারিকদের।

এদিকে এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়ে। তাদেরকে রাস্তার পাশে বের হয়ে আসতেও দেখা যায়। স্থানীয় ব্যাবসায়ীদের দাবি, আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


More Stories
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়
আমডাঙায় ফুড প্লাজা ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে
চুরমার বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিস, মেরে ফেলা হতে পারে আশঙ্কা স্ত্রীর