সময় কলকাতা ডেস্কঃ দিল্লি থেকে উত্তরাখণ্ডে যাওয়ার সময় ভয়ংকর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ। বরাত জোরে প্রাণে বাঁচলেও, শরীরের বেশ কিছু স্থানে চোট লাগে তাঁর। বর্তমানে দেহরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন পন্থ। তিন দিন আইসিইউ-তে রাখার পর সোমবার সকালে জেনারেল বেডে বা ব্যক্তিগত ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে ভারতীয় ক্রিকেটারকে। চিকিৎসকেরা জানিয়েছেন এখন ‘শঙ্কামুক্ত’ পন্থ। তবে এখনও বিশেষ মেডিক্যাল বোর্ডের নজরদারিতে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আগামী শুক্রবার দেহরাদুনের হাসপাতাল থেকে ছাড়া হতে পারে পন্থকে।
পন্থের দুর্ঘটনার পিছনে আসল কারণ কী? এনিয়ে নানা মহলে চলছে নানা জল্পনা। পুলিশের দাবি, গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়েছিলেন পন্থ। আর তার থেকেই বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায় মার্সিডিজ গাড়িটি। তারপর গাড়িতে আগুন ধরে যায়। কোনো কোনো মহলে দাবি করা হয়, মদ্যপ ছিলেন ভারতের উইকেট রক্ষক ব্যাটার। যদিও এসব জল্পনাকে উড়িয়ে দিয়েছেন খোদ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। রবিবার ভারতীয় দলের নির্ভরযোগ্য ক্রিকেটারকে দেখতে যান তিনি। সেখানে দীর্ঘক্ষণ পন্থের সঙ্গে ও তাঁর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। হাসপাতাল থেকে বেড়িয়ে এসে তিনি জানান, ঘুমিয়ে পড়ার কারণে নয়। রাস্তায় থাকা গর্তকে পাশ কাটাতে গিয়েই দূর্ঘটনার কবলে পড়েন পন্থ।

ঋষভ পন্থের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি হাসপাতালের মেডিক্যাল টিমের সঙ্গেও কথা বলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। ভারতীয় ক্রিকেটারের চিকিৎসায় কোনো গাফিলতি থাকবেনা বলেও আশ্বাস দেন তিনি।


More Stories
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
প্লে-অফে যেতে হলে কেকেআর-কে কী করতে হবে? কলকাতার সামনে কোন পথ খোলা?
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে