Home » সুমিত্রা সেনের প্রয়াণ,রবীন্দ্রসঙ্গীতের একটি অধ্যায়ের অবসান

সুমিত্রা সেনের প্রয়াণ,রবীন্দ্রসঙ্গীতের একটি অধ্যায়ের অবসান

সময় কলকাতা ডেস্ক, ৩ জানুয়ারিঃ “তবু মনে রেখো ” – রবীন্দ্রসঙ্গীত প্রেমীরা মনে রাখবেনই তাঁকে।  তিনি যে ছিলেন রবীন্দ্রসঙ্গীতের একটি অধ্যায়, তাঁর চলে যাওয়ায় যে অধ্যায়ের হল অবসান। প্রয়াত হলেন স্বনামধন্য রবীন্দ্রসঙ্গীতশিল্পী সুমিত্রা সেন।

চলচ্চিত্রে রবীন্দ্রসঙ্গীতে অনন্যা সুমিত্রা সেনের মৃত্যুকালে  বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যের নানা সমস্যায় ভুগছিলেন প্রবীণ শিল্পী। ফুসফুসে সংক্রমণ ছিল। মঙ্গলবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুমিত্রা সেন। এদিন সঙ্গীতশিল্পী সুমিত্রা সেনের প্রয়াণের খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান মেয়ে শ্রাবণী সেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া সঙ্গীত জগতে। বর্ষীয়ান এই শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গভীর সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, ‘ বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমিত্রা সেনের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১২ সালে ‘সঙ্গীত মহাসম্মান’ -এ সম্মানিত করে। সুমিত্রা সেনের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। তাঁর প্রয়াণে সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি হল।’

গত ২১ ডিসেম্বর থেকেই কলকাতার মিন্টো পার্কে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেনসুমিত্রা সেন। সম্প্রতি নিউমোনিয়াও ধরা পড়ে তাঁর। এরপরই পরিবারের লোকজন শেষ সময়ে তাঁকে বাড়িতেই রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। সুমিত্রা সেনের আরেক মেয়ে ইন্দ্রাণী সেন জানান, বাড়িতে আনার পরে উনি অনেকটা শান্তি পেয়েছিলেন। শেষের দিকে কিডনি ফেল করে যায়। সোমবার রাতেও লোকজনকে চিনতে পেরেছেন। এদিন ভোর ৪টে নাগাদ তাঁর হার্ট অ্যাটাক হয়। তখনই থেমে যায় তার হৃদযন্ত্রের স্পন্দন। চলে গালেন তিনি, রেখে গেলেন তিনি তাঁর গান ।।

About Post Author