Home » রাহুলের প্রশংসায় রাম মন্দির নির্মাণ ট্রাস্টের সম্পাদক

রাহুলের প্রশংসায় রাম মন্দির নির্মাণ ট্রাস্টের সম্পাদক

সময় কলকাতা ডেস্ক, ৫ জানুয়ারিঃ অযোধ্যার অস্থায়ী রাম মন্দিরের দীর্ঘদিনের প্রধান পুরোহিত আচার্য্য সত্যেন্দ্র সিং-এর পর এবার ভারত জোড়ো যাত্রার জন্য রাহুল গান্ধীর প্রশংসায় মুখ খুললেন অযোধ্যার রাম মন্দির নির্মাণ ট্রাস্টের সম্পাদক চম্পত রাই। প্রবীণ এই ব্যক্তি সঙ্ঘ পরিবারের উগ্র হিন্দুত্বের মুখ বিশ্ব হিন্দু পরিষদের সর্ব ভারতীয় সহ-সভাপতি। বুধবার অযোধ্যায় তিনি বলেছেন, রাহুল গান্ধির এই যাত্রা এক অসাধারণ কাজ। কনকনে ঠান্ডার মধ্যে তিনি দেশকে ঐক্যবদ্ধ রাখার বার্তা নিয়ে হাঁটছেন। সকলের উচিত তাঁর উদ্যোগকে সাধুবাদ জানানো।

উল্লেখ্য, মঙ্গলবারই অযোধ্যার অস্থায়ী রাম মন্দিরের দীর্ঘদিনের প্রধান পুরোহিত আচার্য্য সত্যেন্দ্র সিং রাহুলের যাত্রার ভূয়সী প্রশংসা করে কংগ্রেস নেতাকে শুভেচ্ছা-চিঠি পাঠিয়েছেন। তাতে তিনি লিখেছেন, ভারত জোড়ো যাত্রা এক মহৎ কাজ। আচার্য সরাসরি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের লোক না হলেও চম্পত রাই উগ্র হিন্দুত্ববাদী শিবিরের অন্যতম প্রধান মুখ। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ আন্দোলনের সামনের সারির এই নেতার তত্ত্বাবধানে গড়ে উঠছে নতুন রাম মন্দির। হিন্দুত্ববাদী এই নেতা এমন সময় মুখ খুলেছেন যখন হিন্দুত্বের গর্ভগৃহ উত্তরপ্রদেশ পরিক্রমা করছে ভারত জোড়ো যাত্রা।

উল্লেখ্য, বিজেপি ভারত জোড়ো যাত্রাকে প্রথম থেকেই ভারত তোড়োযাত্রা বলে কটাক্ষ করে আসছে। এই পরিস্থিতিতে অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিতের শুভেচ্ছা চিঠির রাজনৈতিক তাৎপর্য নিয়ে চর্চা শুরু হয়েছে। সত্যেন্দ্র সিং রাজনীতি সচেতন মানুষ হিসাবে পরিচিত। রাম মন্দিরের প্রধান পুরোহিত হলেও তিনি সরাসরি গেরুয়া শিবিরের লোক নন। রাম মন্দির নির্মাণ ঘিরে অযোধ্যায় উচ্ছেদ অভিযান নিয়ে বারে বারে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকারের কাছে উষ্মা প্রকাশ করেছেন। গত বছর সেপ্টেম্বরে কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রার কর্মসূচি শুরু করেন রাহুল গান্ধী। ২৪ ডিসেম্বর দিল্লিতে এসে শেষ হয় এই কর্মসূচির প্রথম পর্ব।

About Post Author