Home » ফের ক্রিকেট ম্যাচে ভারত-পাক দ্বৈরথ! কবে? কোথায়? জেনে নিন

ফের ক্রিকেট ম্যাচে ভারত-পাক দ্বৈরথ! কবে? কোথায়? জেনে নিন

সময় কলকাতা ডেস্ক,৫ জানুয়ারিঃ নতুন বছরের শুরুতেই ক্রিকেট প্রেমীদের জন্য চমক। সেপ্টেম্বর মাসে এশিয়া কাপে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। বৃহস্পতিবার সকালে ট্যুইট করে জানালেন এশিয়া ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ।

ট্যুইট করে আসন্ন ২০২৩ ও ২০২৪ ক্রিকেট মরশুমের ক্রীড়া সূচি প্রকাশ করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ। সেখানেই দেখা গিয়েছে চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়া কাপ। সূত্রের খবর, এবছর এশিয়া কাপের আয়োজন করছে পাকিস্তান। এশিয়া কাপের একই গ্রুপে ভারত ও পাকিস্তান। আর যোগ্যতা পর্ব থেকে একটি দল খেলবে এই গ্রুপে। অপর গ্রুপের তিন দেশ শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।

প্রসঙ্গত গত বছর এই দুই দেশ এশিয়া কাপ ও টি ২০ বিশ্বকাপে মোট তিনবার মুখোমুখি হয়। দুইবার জিতেছে ভারত ও একবার পাকিস্তান। এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। তবে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যায় রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। অপরদিকে ২০২২ টি ২০ বিশ্বকাপে মেলবোর্নে পাকিস্তানকে পরাস্ত করে ভারত। সেই ম্যাচে চাপে পরেও দুরন্ত প্রত্যাবর্তন করেছিল ভারত। সৌজন্যে বিরাট কোহলির ৮২ রানের ইনিংস। যা বহুদিন মনে রাখবেন ক্রিকেট প্রেমীরা। হারিস রউফের বলে মারা বিরাটের বিরাট ছক্কা নিয়ে বহু আলোচনা হয়েছে। আর নয় মাসের অপেক্ষা। ফের বাবর আজমদের মুখোমুখি হতে চলেছেন হার্দিক পাণ্ডিয়ারা। এবার কোন দল শেষ হাসি হাসবে, সেদিকেই তাকিয়ে ক্রিকেট প্রেমীরা।

About Post Author