সময় কলকাতা ডেস্ক, ১৭ জানুয়ারিঃ কয়েক মাসের যুদ্ধ বিরতি। ফের সমুখ সমরে কংগ্রেসের গেইলট-পাইলট সংঘাত। কংগ্রেসের দুই নেতার মধ্যে ফাটল যেন ক্রমশ চওড়া হচ্ছে। রাজস্থান কংগ্রেসের এই দুই নেতার ঠান্ডা লড়াইয়ে আদতে ভাবমূর্তি নষ্ট হচ্ছে দলের। রাজস্থানের কংগ্রেস সরকারকে নিশানা করে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট বললেন, ‘প্রশ্নপত্র ফাঁসের পিছনে মূলচক্রীকে গ্রেফতার করা উচিত, ছোটোখাটো দালালদের ধরে কোনও লাভ নেই।’

সোমবার নাগাউরের পর্বতসারে একটি কিষাণ সম্মেলনে যোগ দেন কংগ্রেস নেতা সচিন পাইলট। সেখানে বক্তৃতা রাখার সময় কংগ্রেস নেতা বলেন, “যুবদের ভবিষ্যত নিয়ে আমরা চিন্তিত। যখনই কোনও খবর পড়তে যাই দেখি আমাদের রাজ্যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে বা পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে। আমি এই কষ্ট বুঝি।” তিনি আরও বলেন, “গ্রামের কোনও এক যুবক যখন পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় তাঁর বাবা-মাকে কতটা কষ্ট মেনে নিতে হয়? তিনি টিউশন, বই-খাতার জন্য কোথা থেকে টাকা পান। তাঁরা রাত-দিন কঠোর পরিশ্রম করেন। প্রতিকূল পরিস্থিতিতেও পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। এই যুবকরা যখন এত কষ্টের মধ্যেও পড়াশোনা করে প্রস্তুতি নয় তখন এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রকাশ্যে আসলে খারাপ লাগে। “এই নিয়ে দুঃখ প্রকাশ করার পরই তিনি বলেন, “এই চক্রের দালালদের বাদে এর মূলচক্রীকে ধরা হবে বলে আশা করি।”

প্রসঙ্গত, রাজস্থানে নির্বাচনের নির্ঘণ্ট এখনও পর্যন্ত প্রকাশ হয়নি। তা সত্ত্বেও এখন থেকেই কংগ্রেসের তরফে জনসংযোগে ব্যাপক জোড় দিয়েছেন কংগ্রেস নেতা সচিন পাইলট। এর আগে ভারত জোড়া যাত্রার সময় একই মঞ্চে দু’জনকে হাত ধরে নাচতে দেখা গিয়েছিল। তিক্ততা ভুলে তাঁরা এক হয়েছেন বলেই আপাত দৃষ্টিতে মনে হয়েছিল। তবে তাঁদের মধ্যেকার সম্পর্ক যে একইরকম রয়েছে তা ফের সামনে এল। পাইলট এ দিন কৃষক সম্মেলন থেকে কেন্দ্রকে আক্রমণও করেছেন।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর