Home » তিন রাজ্যের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের

তিন রাজ্যের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের

সময় কলকাতা ডেস্ক, ১৮ জানুয়ারিঃ চলতি বছরে দেশের ৯ রাজ্যের বিধানসভা নির্বাচন। বুধবার একযোগে ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ড, এই তিন রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা ভোট। এদিকে, মেঘালয় এবং নাগাল্যান্ডে ভোট আগামী ২৭ ফেব্রুয়ারি। আর এই তিন রাজ্যেরই ফলাফল ঘোষণা আগামী ২ মার্চ। নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে,আগামী ২১ জানুয়ারি পর্যন্ত ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়ন পত্র দেওয়া হবে। ত্রিপুরায় মনোনয়ন পত্র জমা করার শেষ দিন ৩০ জানুয়ারি। অন্যদিকে,মেঘালয় এবং নাগাল্যান্ডের নির্বাচনের জন্য ৩১ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন পত্র দেওয়া হবে। মনোনয়ন তোলা যাবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে, মেঘালয়ে মনোনয়ন পত্র জমা করার শেষ দিন ২ ফেব্রুয়ারি এবং নাগাল্যান্ডের মনোনয়ন পত্র জমা করার শেষ দিন ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রসঙ্গত, ত্রিপুরার পাশাপাশি এবার মেঘালয়েও নির্বাচনে অংশ নিতে চলেছে তৃণমূল। কার্যত সেকারণেই তৃণমূলের পালে হাওয়া লাগাতে কয়েক দফায় মেঘালয় সফরে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর সফর সঙ্গী ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে ২০২২-এর ডিসেম্বর মাসে দু’দিনের মেঘালয় সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ক্রিসমাসের সূচনা অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি তৃণমূলের সাংগঠনিক কর্মসূচিতেও হাজির ছিলেন তিনি। ইতিমধ্যেই কয়েক দফায় সেখানে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সংগঠনের কাজ সরেজমিনে দেখছেন তিনি। নির্বাচনকে লক্ষ্য করে, দুর্নীতি ও বেকারত্বের মতো দু’টি জ্বলন্ত ইসুকে সামনে রেখে, মেঘালয়ে পরিবর্তনের ডাক দিয়ে ৬০ আসনের মধ্যে দলের ৫২ প্রার্থীর নাম ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস। বাকি ৮টি আসনেও প্রার্থী দ্রুত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সে রাজ্যের বিরোধী দলনেতা মুকুল সাংমা ও রাজ্য সভাপতি চার্লস পিংরোপ।

ইতিমধ্যেই প্রথম দফার তালিকায় প্রার্থীদের মধ্যে বর্তমান ৮ বিধায়ক ও ৭ জন এমডিসিকে তেইশের বিধানসভা ভোটে টিকিট দিয়েছে তৃণমূল। বাকিগুলিতে প্রাধান্য দেওয়া হয়েছে স্থানীয় আবেগকে। মেঘালয়ে রাজ্য সরকারের নিচে ডিস্ট্রিক্ট কাউন্সিলও রয়েছে। তাঁদের মধ্যেই ৭ জনকে বিধানসভা ভোটে টিকিট দেওয়া হয়েছে। বিধানসভার বর্তমান বিরোধী দলনেতা মুকুল সাংমা তার মধ্যে তাঁর বর্তমান কেন্দ্র সংসাকের পাশাপাশি তিকরিকিল্লা কেন্দ্র থেকেও লড়বেন। মহিলা প্রার্থী রয়েছেন পাঁচজন। দলীয় সূত্রে খবর, ভোটের মুখেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ফের মেঘালয় সফরে যেতে পারেন। যাবেন দলের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আগামী ২১ জানুয়ারি ৫০ বছর বয়স হবে মেঘালয়ের। রাজ্য গঠনের সুবর্ণ জয়ন্তী বর্ষকে সামনে রেখে কার্যত শুরু হয়ে যাচ্ছে প্রধান বিরোধী দল তৃণমূলের পরিবর্তনের প্রচার।

প্রসঙ্গত,রাজনৈতিক দলগুলি নিজেদের ভিটে মাটি শক্ত করতে নানান প্রস্তুতি নিচ্ছে। যদিও এই তালিকা থেকে বাদ যায়নি শাসক দল। তৃণমূল কংগ্রেসও দলীয় স্তরে একাধিক কর্মসূচি পালনে ব্যস্ত। সূত্রের খবর, অভিষেক এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মেঘালয় সফরেই উত্তর পূর্ব ভারতের রাজনীতিতে বড় চমক দেখা যেতে পারে। কেননা অন্যান্য দলের কিছু তাবড় নেতাদের মধ্যে দল ছেড়ে কেউ কেউ নাম লেখাতে পারেন তৃণমূলে। যদিও তৃণমূলের তরফে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

About Post Author