Home » ফের বন্দে ভারত এক্সপ্রেসের ওপর পাথর ছোড়ার অভিযোগ

ফের বন্দে ভারত এক্সপ্রেসের ওপর পাথর ছোড়ার অভিযোগ

সময় কলকাতা ডেস্ক,২১ জানুয়ারিঃ আবারও বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে পাথর ছোড়ার ঘটনা। জানা গিয়েছে, শুক্রবার বিকেলে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া ডাউন বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছুড়ে হামলার ঘটনা ঘটে। এবার পেল্টা এবং ডালখোলা স্টেশনের মধ্যবর্তী জায়গায় ওই ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে জানিয়েছে কাটিহার ডিভিশনের আরপিএফ। ক্ষতিগ্রস্থ সি-৬ কামড়া। আতঙ্কিত যাত্রীরা।

এর আগেও বন্দে ভারত এক্সপ্রেসে একাধিকবার পাথর ছোড়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার দু-সপ্তাহের মধ্যেই পরপর ৪ দিন বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথরবৃষ্টি হয়। গত ৩ জানুয়ারি ,সোমবার বিকালে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস মালদহে ঢোকার মুখেই বেশ কয়েকজন ট্রেন লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়ে। সেই ঘটনায় অপরাধীদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে এনএফ রেলের সামসি আরপিএফ পোস্ট রেলের সম্পত্তি ভাঙচুরের জন্য রেল আইনের ১৫৪ ধারায় এফআইআর দায়ের করেছে। ট্রেনের একটি কামরার দরজা এবং জানালার কাঁচের পাথরের আঘাতে চির ধরে গিয়েছে। এরপর গত ৪ জানুয়ারি এনজেপিগামী বন্দে ভারত এক্সপ্রেসে এনজেপি স্টেশনে ঢোকার আগেই সেটিকে লক্ষ্য করে পাথরবৃষ্টি করা হয়। স্টেশনে ঢোকার পর দেখা যায় ট্রেনটির জানালার কাচ ভাঙা রয়েছে। সেমি হাই স্পিড ট্রেনটির C3 এবং C6 কামরা ক্ষতিগ্রস্ত হয় বলেই অভিযোগ ওঠে।

এরপর ১১ জানুয়ারি,বুধবার ফের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে বন্দে ভারতকে লক্ষ্য করে ছোড়া হয় পাথর। এই ঘটনায় ট্রেনটির একটি কামরার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকাশ্যেও এসেছিল সেই ছবি। সূত্রের খবর, বুধবার ট্রায়াল রান শেষ হওয়ার পর ট্রেনটি বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন থেকে মারিপালেমের কোচ রক্ষণাবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছিল। সেইসময় এই ঘটনাটি ঘটে। এমনটাই রেলওয়ের তরফে জানানো হয়েছে। আরপিএফের তরফে ইতিমধ্যেই একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।

About Post Author