Home » ইডি-র হাতে গ্রেফতার তৃণমূল নেতা সাকেত গোখলে

ইডি-র হাতে গ্রেফতার তৃণমূল নেতা সাকেত গোখলে

সময় কলকাতা ডেস্ক, ২৬ জানুয়ারি: আর্থিক তছরূপের মামলায় বুধবার তৃণমূল নেতা সাকেত গোখলেকে গ্রেফতার করল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে লক্ষাধিক টাকার তহবিল সাকেত গোখলে অপব্যবহার করেছেন। এই নিয়ে তাঁকে চারবার গ্রেফতার করা হল। এর আগে গত মাসেই টাকা অপব্যাবহারের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল গুজরাট পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সূত্রের খবর,ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে সংগ্রহ করা অর্থের অপব্যবহারের অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল। সেই মামলায় এখনও পর্যন্ত জামিন পাননি তৃণমূল মুখপাত্র। মঙ্গলবারই গুজরাট হাইকোর্ট গোখলের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। তারই মধ্যে ফের ইডি গ্রেফতার করল সাকেত গোখলেকে।

প্রসঙ্গত,এর আগে ডিসেম্বর মাসের ৫ তারিখ রাজস্থানের বিমানবন্দর থেকে তৃণমূল মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করে গুজরাট পুলিশ। এরপর ৬ তারিখ,সকালে বিষয়টি নিয়ে টুইট করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। টুইটে তিনি জানিয়েছিলেন, দিল্লি থেকে বিমান ধরে জয়পুরে নামার পর বিমানবন্দর থেকেই তাঁকে গ্রেফতার করে গুজরাটের পুলিশ।

গোখলের মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ। তিনি শুধু নিজের মাকে ফোন করতে পেরেছিলেন। তৃণমূলের জাতীয় মুখপাত্রকে এভাবে গ্রেফতারির কারণ হিসেবে ডেরেক ও ব্রায়েন টুইটে জানান, অক্টোবরে গুজরাটের মোরবিতে সেতু বিপর্যয়ের জেরে সাকেত গোখলে একটি টুইট করে গুজরাট প্রশাসনের ভূমিকার কড়া সমালোচনা করেছিলেন। ডেরেকের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসাকে অন্যমাত্রায় নিয়ে যাচ্ছে বিজেপি।


এরপর ৮ তারিখ,বৃহস্পতিবার জামিন পাওয়ার পরই নতুন করে তাঁকে ফের গ্রেফতার করা হয়েছিল। জানা গিয়েছে, মোরবি পুলিশের দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতে গোখলে কে গ্রেফতার করা হয়েছিল। এরপরই তৃণমূলের নেতা এবং রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন সাকেত গোখলের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে একটি টুইট করে লিখেছিলেন.’জামিনের পরেও সাকেত গোখলেকে হয়রানি করছে গুজরাট পুলিশ। ৮ ডিসেম্বর রাত ৮.৪৫ মিনিটে ফের তাঁকে গ্রেফতার করা হয়েছিল। আহমেদাবাদ সাইবার থানা থেকে বেরনোর সময় কোনও নোটিশ ছাড়াই তাঁকে গ্রেফতার করা হয়েছিল।’ যদিও ওই দুটি মামলাতেই জামিন পেয়েছিলেন গোখলে।
উল্লেখ্য, গুজরাটের মোরবি সেতু ভাঙা নিয়ে একটি আরটিআই-এর কপি সম্বলিত টুইট শেয়ার করে সাকেত দাবি করেছিলেন, মোরবির সেতুভঙ্গের পর মোদির গুজরাট সফরে খরচ হয়েছে ৩১ কোটি টাকা। কিন্তু এই তথ্যকে ভুয়ো বলে দাবি করে গুজরাট পুলিশ।

About Post Author